জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৩:৩৯ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের পাড় অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের পাড় অবৈধভাবে দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে নির্মাণাধীন ভবনটি ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (আজ) সকালে দেওয়ানগঞ্জ পৌরসভা ভবনের সামনের
এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম বাবু দেওয়ানগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে টেকনিশিয়ান হিসেবে কর্মরত।
উপজেলা প্রশাসন জানায়, ব্রহ্মপুত্র নদের পাড় দখল
করে সেখানে একতলা পাকা ঘর নির্মাণ করছিলেন খায়রুল ইসলাম বাবু। এ বিষয়ে
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানে নদের পাড় দখল করে স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
তাকে দণ্ড দেওয়া হয় এবং নির্মাণাধীন একতলা পাকা ভবনটি ভেঙে ফেলা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর অধীনে সরকারি সম্পত্তি দখলের দায়ে ওই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।