খুলনা অফিস
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৩:১৩ পিএম
সুন্দরবনসংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকায় গড়ে ওঠা ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুন্দরবনসংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকায় গড়ে ওঠা ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এসব প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র
নেই। এর মধ্যে ১০টি রিসোর্টকে ৩০ দিনের মধ্যে এবং নতুন করে তৈরি হওয়া আটটিকে ১৫ দিনের
মধ্যে সব স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। নির্দেশ না মানলে ভ্রাম্যমাণ আদালত, বিদ্যুৎ
সংযোগ বিচ্ছিন্ন, নিয়মিত মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর।
গত রবিবার পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা
কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ সংশ্লিষ্ট রিসোর্ট মালিকদের এসংক্রান্ত
চিঠি দেন। এতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) ও সংশ্লিষ্ট বিধিমালা
অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। চিঠিটি গত ৪ অক্টোবর স্বাক্ষর করে ডাকযোগে
পাঠানো হয়েছে।
অধিদপ্তরের তালিকায় থাকা রিসোর্টগুলো
হলোÑ অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি,
লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী,
বনবাস ও বনলতা ইকো কটেজ।
হারুন-অর-রশীদ বলেন, পর্যটনকেন্দ্রিক
এসব প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র নেই। এর বাইরে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)
বিধিমালা অনুযায়ী এমন এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান করার সুযোগ নেই।
অনুমোদন ছাড়া রিসোর্ট নির্মাণের অভিযোগে
এর আগে ১০টি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়। মালিকরা জবাব দেওয়ার পাশাপাশি অনুমোদনের আবেদন
করেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় গত ৩০ সেপ্টেম্বর আবেদনগুলো বাতিল করা
হয়। এরপর প্রতিষ্ঠানগুলো বন্ধ এবং ৩০ দিনের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন করে তৈরি হওয়া ৮টি রিসোর্টকে গত
৩০ সেপ্টেম্বর ৭ দিনের মধ্যে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল।
নির্ধারিত সময়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার সাত দিনের মধ্যে কার্যক্রম বন্ধ
এবং ১৫ দিনের মধ্যে স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের হিসাবে খুলনা অংশে
রিসোর্টের সংখ্যা ১৮। তবে রিসোর্ট মালিকদের সংগঠনের দাবি, এ সংখ্যা ১৫। হারুন-অর-রশীদ
বলেন, কিছু রিসোর্ট তৈরি হয়েছে, আবার কিছু নির্মাণাধীন এমন তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের
তালিকায় ১৮টি প্রতিষ্ঠান রাখা হয়েছে।
সুন্দরবনসংলগ্ন বাগেরহাট ও সাতক্ষীরা
অংশেও রিসোর্ট রয়েছে। তবে সেগুলো খুলনা জেলা কার্যালয়ের আওতাধীন নয়। ওই এলাকার তথ্য
বিভাগীয় কার্যালয়ে রয়েছে বলে জানান তিনি।
সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসায় রিসোর্ট
ও ট্যুর অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে
জানা গেছে। এক পক্ষ সুন্দরবনের ভেতরে লঞ্চে পর্যটক নিয়ে ব্যবসা করছে। অন্য পক্ষ সুন্দরবনের
কাছাকাছি লোকালয়ে রিসোর্ট গড়ে পর্যটকদের থাকা, খাওয়া ও বিনোদনের ব্যবস্থা করছে।
ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, পর্যটন
বাজারের অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যবসায়িক টানাপোড়েন রয়েছে। এর প্রভাব পরিবেশগত
সিদ্ধান্ত বা প্রশাসনিক তৎপরতায় পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তবে পরিবেশ অধিদপ্তরের দাবি, তাদের
নোটিশ বা সিদ্ধান্তের সঙ্গে কোনো ব্যবসায়িক দ্বন্দ্বের সম্পর্ক নেই। পরিবেশগত ছাড়পত্র
না থাকা এবং ইসিএ এলাকার বিধিনিষেধ না মানার কারণেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিসোর্ট মালিকদের বক্তব্য, সুন্দরবনকে
কেন্দ্র করে পরিবেশবান্ধব পর্যটন গড়ে তোলার সুযোগ রয়েছে। তাই সরাসরি বন্ধের পরিবর্তে
নিয়ম মেনে পরিচালনার সুযোগ দেওয়া উচিত।
হারুন-অর-রশীদ বলেন, ইসিএ এলাকায় পরিবেশগত
বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তা নজরদারি করা হবে। সুন্দরবনের ভেতর দিয়ে চলাচলকারী লঞ্চ
ও জাহাজের বিষয়টি আলাদা; এগুলো বন বিভাগের নিয়ন্ত্রণে। তবে ইসিএ এলাকায় স্থায়ী পর্যটনকেন্দ্রিক
স্থাপনা নির্মাণে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন।
চিঠিতে বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নিয়মিত মামলা ও অন্যান্য আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।