পাবনা প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১২:৫১ পিএম
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকায় নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানা এলাকায় নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার
(আজ) সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত সুপ্রভাত মদক আহম্মদপুর ইউনিয়নের
৬ নম্বর ওয়ার্ড এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, গতকাল ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায়
কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত মদক। এরপর রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের
সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে
আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন স্বজনরা।
অভিযোগের পর আমিনপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায়
তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মোবাইল ফোন চালু
পাওয়া গেলেও একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার নম্বরে আবারও ফোন
এলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এরপর মঙ্গলবার সকালে হলুদের খেতে সুপ্রভাত
মদকের ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
আমিনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে আমিনপুর
থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল
হাসপাতালে পাঠানো হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা ঘটনার সঙ্গে কারা জড়িত- তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।