গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১২:২৩ পিএম
বাসের হেলপার সুজন মিয়া নিহতের ঘটনায় আড়াই বছর পর পলাতক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের হেলপার সুজন মিয়া নিহতের ঘটনায় আড়াই বছর পর পলাতক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তথ্যপ্রযুক্তি
ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাশেদ নামের ওই চালককে সাভার থেকে গ্রেপ্তারের পর আদালতে
পাঠানো হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রবিবার
বিকেল সাড়ে ৫টার দিকে সাভার থানার কলমা এলাকার উইন্টার গার্মেন্টসের সামনে থেকে রাশেদকে
গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি জবানবন্দি দেন বলে জানিয়েছে
পিবিআই।
মামলার
নথি ও পিবিআই সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ জুন ভোরে অনন্যা ক্লাসিক পরিবহনের একটি
বাসে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সুজন মিয়া। সকাল ৭টার দিকে বাসটি গাজীপুরের
রাজেন্দ্রপুরে হোটেল এক্সের কাছে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ইউটার্ন এলাকায় পৌঁছালে বিপরীত
দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান বাসটির সামনের অংশে ধাক্কা দেয়।
এ
সময় বাসের বাম পাশের দরজার কাছে দাঁড়িয়ে থাকা হেলপার সুজন গুরুতর আহত হন। পরে যাত্রীরা
তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা
করেন। দুর্ঘটনায় দুই যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এ সময় কাভার্ড
ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ
ঘটনায় সুজনের স্ত্রী সানজিদা আক্তার মিম বাদী হয়ে ওই দিনই জিএমপি সদর থানায় অজ্ঞাত
আসামিদের বিরুদ্ধে মামলা করেন। সদর থানা পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন
দেয়। পরে আদালতের নির্দেশে চলতি বছরের ৯ এপ্রিল মামলাটির তদন্তভার পায় পিবিআই গাজীপুর
জেলা।
পিবিআই
জানায়, তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার সঙ্গে রাশেদের
সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর বিশেষ তদন্ত দলের সদস্যরা তাকে শনাক্ত করে রবিবার
বিকেল সাড়ে ৫টার দিকে সাভার থানার কলমা এলাকার উইন্টার গার্মেন্টসের সামনে থেকে রাশেদকে
গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া
জবানবন্দিতেও তিনি ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
পিবিআই
গাজীপুর জেলার পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে
ট্রাফিক পুলিশের পাশাপাশি যানবাহনের মালিক-শ্রমিক ও নাগরিকদের সচেতন হওয়া জরুরি। এ
ধরনের মৃত্যু কারও কাম্য নয়। গ্রেপ্তার চালককে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার অন্যান্য দিক ও আলামত যাচাই করা হচ্ছে।