মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২২:৫৪ পিএম
আহত কলেজ শিক্ষক মোখলেসুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষক দিবসে কুষ্টিয়ার মিরপুরে মো. মোখলেসুর রহমান নামে এক কলেজ শিক্ষককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল কর্মী মিজান ও তার অনুসারীদের বিরুদ্ধে।
উপজেলার নওদা আজমপুর মোড়ে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত মোখলেসুর রহমান নওদা আজমপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।
তিনি আজমপুর টেকনিক্যাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। বর্তমানে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমি নিয়ে মিজানের সঙ্গে শিক্ষক মোখলেসুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান।
মোখলেসুর রহমানের অভিযোগ, সোমবার কলেজের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে নওদা আজমপুর মোড়ে পৌঁছালে মিজান ও তার অনুসারীরা তার পথরোধ করেন। পরে রনি, কামাল, ইন্টু, বিপ্লব, হাসান, সাগর, মহি খা ও মিঠুসহ কয়েকজন তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
মোখলেসুর রহমান দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে মিজান কয়েকদিন আগে তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছেম বলেও জানান ওসি।