সুনামগঞ্জের দিরাইয়ে মেয়েদের দুটি দলের প্রীতি ফুটবল খেলায় স্থানীয় একটি পক্ষের আপত্তির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার বিকালে দিরাই উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় সুনামগঞ্জ ও সিলেটের দুটি দলের প্রীতি ফুটবল ম্যাচটি স্থগিত করেছেন আয়োজকেরা।
আয়োজকেরা জানান, দিরাইয়ের স্থানীয় স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ও সিলেটের জারা স্পোর্টিং ক্লাবের মেয়েদের মধ্যে ওই প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। বিষয়টি আগে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারকে জানানো হয়েছিল। তবে রবিবার রাতে কয়েকজন ইউএনও কার্যালয়ে গিয়ে খেলা বন্ধের দাবি জানান।
পরে আয়োজক রাকিব আহমেদ ভূইয়া ইউএনওর সঙ্গে যোগাযোগ করলে তাকে জানানো হয়, যেহেতু দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলা আয়োজন করতে হবে। তা না হলে খেলা স্থগিত করতে হবে।
পুলিশের সঙ্গেও সোমবার দুপুরে যোগাযোগ করেন আয়োজকেরা। পুলিশের পক্ষ থেকেও খেলা স্থগিতের পরামর্শ দেওয়া হলে তারা খেলা স্থগিত করেন।
ইউএনও কার্যালয়ে গিয়ে খেলা বন্ধের দাবি জানানোদের একজন দিরাই পৌর এলাকার চণ্ডীপুরের বাসিন্দা মাওলানা শরিফ উদ্দিন।
তিনি বলেন, তারা কিশোরীদের খেলাধুলার বিপক্ষে নন। তবে অন্য এলাকার নারীরা এসে এখানে খেলবে, নাচানাচি করবে- এতে তাদের আপত্তি।
ইউএনওর সঙ্গে রবিবার রাতে দেখা করে খেলার নামে ‘অশ্লীলতা’ বন্ধের দাবি জানান শরিফ উদ্দিনসহ কয়েকজন। পরে তারা এ নিয়ে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে শরিফ উদ্দিন বলেন, “দিরাইয়ে কোনো ইসলামবিরোধী কাজ হবে না। উলামায়েকেরামদের সঙ্গে নিয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তারা ইউএনওর সঙ্গে দেখা করে সেই দাবি জানিয়ে আসছেন।”
মাওলানা মো. শরিফ উদ্দিন বলেন, “আমরা আগে শুনেছিলাম কিশোরীরা ফুটবল খেলবে। এখন মাইকিং করা হচ্ছে মহিলাদের ফুটবল খেলা। মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে, এটা আমার মানতে পারি না। মেয়েরা খেলবে আর পুরুষরা দেখবে এটা ঠিক না। আমরা খেলাধূলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী। এই কারণে মূলত বাধা দেয়া হয়েছে।”
আয়োজক রাকিব আহমেদ ভূইয়া বলেন, স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাব ২০১৯ সালে যাত্রা শুরু করে। স্থানীয় কিশোরীদের নিয়ে গঠিত দলটি এর আগে দেশের বিভিন্ন জেলার নারী ফুটবল দলের সঙ্গে খেলেছে। দলের খেলোয়াড়েরা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও অংশ নিয়েছেন। হঠাৎ করে খেলায় বাধা আসায় তিনি বিস্মিত।
ইউএনও সনজীব সরকার বলেন, “আয়োজকরা জানিয়েছেন তাদের ক্লাবের খেলা। যেহেতু দুই পক্ষই দিরাইয়ের বাসিন্দা, তাই আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা করে খেলতে বলেছিলাম।”
তিনি দাবি করেন, “আয়োজকেরা জানিয়েছে, তারা নিজেরাই খেলাটি স্থগিত করেছেন। আমরা তাদের লিখিত কোনো অনুমতি দেইনি।”