কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:৪৬ পিএম
কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে টুকেরগাঁও আদর্শ ক্লাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত। ফাইনালের মঞ্চে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিল না টুকেরগাঁও আদর্শ ক্লাব।
একের পর এক আক্রমণে খায়েরগাঁও কেরামত আলী স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে টুকেরগাঁও আদর্শ ক্লাব।
সোমবার বিকেল সাড়ে ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার শুরু থেকেই টুকেরগাঁও আদর্শ ক্লাবের আক্রমণাত্মক ফুটবলে চাপে পড়ে খায়েরগাঁও কেরামত আলী স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত চার গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে টুকেরগাঁও।
চ্যাম্পিয়ন দলের হয়ে সোহেল রানা দুটি গোল করেন। এছাড়া মুসা ও আমিনুল একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, যুবসমাজকে ক্রীড়ামুখী করা, সামাজিক সম্প্রীতি বাড়ানো এবং প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যেই এ আয়োজন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুকেরগাঁও আদর্শ ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী ও জামায়াত নেতা আবুল খায়ের মাস্টার।
উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আবু তাহের, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।