রংপুর অফিস
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:০৮ পিএম
রংপুরে ২১ কেজি ওজনের কালো পাথরের কালীমূর্তিসহ রজব আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে ২১ কেজি ওজনের কালো পাথরের কালীমূর্তিসহ রজব আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। রবিবার বেলা সাড়ে ৩টায় পীরগাছা কল্যাণী ইউনিয়নের ফকিরা গ্রামের রজব আলী বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রজব আলীর বাড়িতে তল্লাশি করে বসতঘরের খাটের নিচ থেকে কালো পাথরের ২১ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালীমূর্তি এবং এর একটি ভগ্ন খণ্ডাংশ উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অবৈধভাবে নিজ হেফাজতে রেখে পাচারচেষ্টার অপরাধে রজব আলীকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে রজব আলীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। জব্দ করা আলামত এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।