কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:০৩ পিএম
গুলিবিদ্ধ আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গুলিবিদ্ধরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত রবিবার দুপুরে উপজেলার দইখাওয়া সীমান্তে তারা গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তারা বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করান। বিষয়টি জানাজানি হলে পুলিশ তাদের হেফাজতে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গুলিবিদ্ধ দুজন হলেন- আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা।
আহত আব্দুল আলিম বলেন, ‘আমরা ভারতের বাসিন্দা। গরু চরাতে চরে আসলে বিএসএফ আমাদের ডেকে নেয়। বাংলাদেশি গরু চোরাচালানকারী অপবাদ দিয়ে একটি চরে নিয়ে যায়। সেখানে তর্কবিতর্ক হলে আমাদের গুলি করে। গুলিবিদ্ধ হয়ে আহত হলে বিএসএফ বাংলাদেশে ফেলে যায়। আমরা দেশে ফিরতে চাই। এ জন্য বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি আহ্বান জানাই।’
সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসেন। বর্তমানে হাসপাতাল এলাকায় তাদের নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি জানান, ভারতীয় দুই নাগরিক গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের সবধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
তবে বিএসএফের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি নিয়ে বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।