প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২০:০৩ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি শিল্প ইউনিট স্থাপনের জন্য সাড়ে ছয় একর জমি ইজারা নিয়েছে র্যানকন লুব্রিকেন্টস লিমিটেড। এ প্রকল্পে কোম্পানিটি ১৯ দশমিক ৬৫ মিলিয়ন (প্রায় ২ কোটি) মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে, যার মাধ্যমে আড়াই শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে র্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিযান রহমান রোচি এবং র্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইমরান জামান খান চুক্তিতে স্বাক্ষর করেন।
সংস্থাটি জানায়, তিনটি বিনিয়োগ প্রসার সংস্থার একীভূতকরণের পর এটিই ইনভেস্ট বাংলাদেশের প্রথম ভূমি ইজারা চুক্তি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নাহিযান রহমান রোচি বলেন, ‘র্যানকন লুব্রিকেন্টসের মতো শীর্ষ বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি নতুন এই প্রতিষ্ঠানের প্রতি আস্থার প্রতিফলন এবং অন্যান্য বিনিয়োগকারীর আস্থা গড়ে তুলতে এটি সহায়ক হবে।’
চুক্তির শর্ত ও সময়সীমা
চুক্তির শর্ত অনুযায়ী, জমি হস্তান্তরের তারিখ থেকে এই ইজারার মেয়াদ হবে ৫০ বছর, যা পরবর্তীতে ইনভেস্ট বাংলাদেশের নির্ধারিত শর্তে নবায়ন করা যাবে। চুক্তি স্বাক্ষরের ১০ দিনের মধ্যেই জমির দখল বুঝিয়ে দেওয়া হবে। জমি পাওয়ার ১২০ দিনের মধ্যে র্যানকন লুব্রিকেন্টস সেখানে অবকাঠামো নির্মাণকাজ শুরু করবে এবং আগামী ৩৬ মাসের (৩ বছর) মধ্যে শিল্প ইউনিটটি উৎপাদনে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
চুক্তি অনুসারে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে গ্যাস, বিদ্যুৎসহ ইউটিলিটি সংযোগ প্রাপ্তি এবং সরকারঘোষিত প্রযোজ্য শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কর প্রণোদনা পেতে সহায়তা করবে ইনভেস্ট বাংলাদেশ।
অন্যদিকে, র্যানকন লুব্রিকেন্টস প্রয়োজনীয় সব সরকারি অনুমোদন গ্রহণ করবে। একই সঙ্গে কারখানা এলাকায় নিজস্ব বর্জ্য ও পয়োনিষ্কাশন শোধনাগার স্থাপন, অর্থনৈতিক অঞ্চলের কেন্দ্রীয় বা কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) ও বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপনসহ পরিবেশ, শ্রম ও নিরাপত্তাসংক্রান্ত যাবতীয় জাতীয় বিধিবিধান মেনে চলতে বাধ্য থাকবে।
চুক্তিতে কার্যসম্পাদন ও বিধিবিধান লঙ্ঘনের ক্ষেত্রে চুক্তি বাতিলের আগে তা সংশোধনের জন্য নির্দিষ্ট সময় দেওয়ার শর্ত রাখা হয়েছে। এছাড়া কোনো বিরোধ দেখা দিলে তা ‘আরবিট্রেশন আইন, ২০০১’-এর আওতায় সালিসের মাধ্যমে নিষ্পত্তির বিধান যুক্ত করা হয়েছে।