কুমিল্লা অফিস
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:৩৯ পিএম
বিজিবির অভিযানে সীমান্তের বিভিন্ন এলাকায় জব্দকৃত চোরাই পণ্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ লাখ ২৭ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সুলতানপুর ব্যাটালিয়নের আওতাধীন
এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের
অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় ও সুনির্দিষ্ট গোয়েন্দা
তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল
বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, কসবা, চণ্ডীদার, খাদলা ও
মাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
পৃথক এসব অভিযানে ভারতীয় বাজি, বাসমতি
চাল, শাড়ি, গরু, নবরত্ন তেল, অলিভ অয়েল, ফুচকা, মদ, শিং মাছ, মাছের খাবার, রেডবুল এনার্জি
ড্রিংকস ও একটি ইজিবাইক জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা এসব মালামালের আনুমানিক
মূল্য ৪৫ লাখ ২৭ হাজার ৯০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।