বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:২০ পিএম
বিজিবি ও স্থানীয়রা খাদে পড়ে উল্টে যাওয়া গাড়িটি উদ্ধারে কাজ করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়া পাড়া নামক এলাকায় সোমবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই চকরিয়া খুটাখালির এলাকার বাসিন্দা হলেও তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিকালের দিকে আলীকদম হয়ে ৫ জনের একটি দল তিন্দু যাওয়ার পথে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের লাগোয়া পাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুই পর্যটক নিহত হন এবং অপর ৩ জন আহত হন।
পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বাংলাদেশ বর্ডার গার্ডের বলিপাড়া বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ইয়াসির আরাফাত বলেন, “তিন্দু সড়কের নোহা গাড়ি উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন ও আরো তিন পর্যটক আহত হয়েছে। তাদেরকে বিজিবি ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “তিন্দু এলাকাটি দুর্গম এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই। সোমবার বিকালে আলিকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকায় তিন্দু যাওয়ার পথে একদল পর্যটক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও পাঁচজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহত ও আহতদের বিজিবির সহায়তায় উদ্ধার করা হচ্ছে। থানচি পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে”।