মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:১৯ পিএম
তাড়াইলে কবর দেওয়ার প্রায় সাড়ে ৯ মাস পর মুদাচ্ছির নামে এক শিশুর মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের তাড়াইলে কবর দেওয়ার প্রায় সাড়ে ৯ মাস পর মুদাচ্ছির (৮) নামে এক শিশুর মরদেহ আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। প্রথম ময়নাতদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও এতে আপত্তি জানিয়ে আসছিল পরিবার। মৃত্যুর প্রকৃত কারণ জানতে শিশুটির বাবা আদালতের দ্বারস্থ হলে পুনঃময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।
সোমবার দুপুরে উপজেলার দামিহা ইউনিয়নের রাহেলা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়। এ সময় তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই নাজিমউদ্দীন ও তাড়াইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মুদাচ্ছির রাহেলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার মাদরাসাতুল ইতকান লি উলুমিল কুরআন মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল। প্রায় তিন বছর ধরে ওই মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করছিল সে।
আদালতের আদেশে বলা হয়েছে, ন্যায়বিচারের স্বার্থে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন প্রয়োজন। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১৭৬ (২) ধারার বিধান অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে পুনঃময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের জন্য তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শিশুটির বাবা জিয়াউর রহমান বলেন, “আমার ছেলে কীভাবে মারা গেল, সেটি আমরা এখনো নিশ্চিতভাবে জানতে পারিনি। প্রথম ময়নাতদন্তে আত্মহত্যার কথা বলা হলেও ঘটনাটি নিয়ে শুরু থেকেই আমাদের সন্দেহ রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে আসুক এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই নাজিমউদ্দীন বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়েছে। পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলন করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে পুনঃময়নাতদন্ত করা হবে। তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”