গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:২৪ পিএম
প্যাকেটের গায়ে লেখা ‘সুপার স্টোর এলইডি লাইট’। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না; প্যাকেটটি খুলতেই বেরিয়ে এলো একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্যাকেটের গায়ে লেখা ‘সুপার স্টোর এলইডি লাইট’। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না ভেতরে কী আছে। স্কচটেপে শক্ত করে মোড়ানো সেই প্যাকেটটি পড়ে ছিল সেতুর নিচের একটি ড্রেনে। তল্লাশির সময় প্যাকেটটি খুলতেই বেরিয়ে আসে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি।
রবিবার রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার
নাগরী ইউনিয়নসংলগ্ন পূর্বাচলের ২৮ নম্বর সেক্টরের শালবন সেতুর নিচে থেকে এসব অস্ত্র
উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল সিপিসি-৩
এর এসআরবি-১ এর সদস্যরা অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেন।
এসআরবি-১ এর উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ হোসেন জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে
গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, শালবন সেতুর দক্ষিণ-পশ্চিম দিকে তিন থেকে চার ব্যক্তি
মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের
জানিয়ে সেখানে অভিযান চালানো হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি
টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দুটি মোটরসাইকেলে করে দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে যান।
পরে তাদের খুঁজতে আশপাশে তল্লাশি চালানোর সময় সেতুর নিচের ড্রেনে পড়ে থাকা প্যাকেটটি
নজরে আসে।
পুলিশ জানায়, প্যাকেটটির গায়ে ‘সুপার
স্টোর এলইডি লাইট’ লেখা থাকলেও ভেতরে কোনো লাইট ছিল না। স্কচটেপ দিয়ে আটকানো প্যাকেটটি
খুলে পাওয়া যায় ‘CAL 7.65’ লেখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ‘AP 32
AUTO’ লেখা তিন রাউন্ড গুলি। অভিযানে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাউকে তাৎক্ষণিকভাবে
আটক করা সম্ভব হয়নি। অস্ত্র ও গুলিগুলো জব্দ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও
গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।