কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৮:০৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:১৪ পিএম
উদ্ধারিকৃত মদের বোতল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে বালুবাহী ট্রাকে বালুর আড়ালে পাচারকালে ২ হাজার ৪৮১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেটের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়।
পরে তল্লাশি করে বালুর নিচে লুকিয়ে রাখা ৭১টি বস্তা থেকে এসব মদ উদ্ধার করা হয়। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪।
আটক দুজন হলেন নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর (নান্দালপুর) এলাকার কামাল মিয়ার ছেলে ট্রাকচালক মো. কামরুল ইসলাম (৩০) এবং সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে ট্রাকের সহকারী মো. রুহুল আমিন (৩০)।
পুলিশ জানায়, বালু পরিবহনের আড়ালে মদ পাচারের তথ্য পেয়ে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। পরে বালুর স্তরের নিচে বিশেষভাবে রাখা বস্তাগুলো থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উছমান গনির প্রত্যক্ষ অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমান অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেন।
সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে দীর্ঘদিন ধরে বিভিন্ন পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে। বালুবাহী যানবাহনে শাড়ি, কসমেটিকস, জিরা, মদসহ অবৈধ পণ্য পরিবহনের ঘটনাও এর আগে সামনে এসেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদ ও আটক দুজনের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।