× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসি অফিসে পূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভায় হট্টগোল

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:৫০ পিএম

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।

একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে সভা থেকে বেরিয়ে যান জেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। পরে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশার অনুরোধে তারা আবার সভায় যোগ দেন।

সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলার ১৩টি উপজেলার সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি ও পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

সভায় উপজেলা পর্যায়ের চার থেকে পাঁচজন পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধি বক্তব্য দেন। এরপর পূর্বনির্ধারিত অন্য একটি কর্মসূচির কথা উল্লেখ করে সভার আলোচনা সংক্ষেপ করার কথা জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। পরে রাজনৈতিক নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের অনেকে তাদের এলাকার পূজাসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসসহ কয়েকজন নেতা সভা থেকে বেরিয়ে যান।

ধুনট উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা বলেন, ‘আমি কিছুক্ষণ কথা বলেছি। আমার আগে আরও তিন-চারজন প্রতিনিধি কথা বলেছেন। এরপর আমাদের কথা সংক্ষেপ করার বিষয়টি জানানো হয়। এ ঘটনায় সবাই অসন্তোষ প্রকাশ করেছেন।’

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস বলেন, ‘বছরে একটি দিন আমাদের লোকজন জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার সুযোগ পান। একেকটি উপজেলা ৩০-৩৫ কিলোমিটার দূরে। সেখান থেকে আমাদের লোকজন আসেন। তাদের নানা ধরনের চাওয়া-পাওয়া থাকে। সেই একটি দিনের সভায় কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’

পরিমল চন্দ্র দাস বলেন, ‘জেলা প্রশাসক বলেছেন, শিক্ষক দিবস উপলক্ষে তার আরেকটি সভা আছে। সময় যেহেতু কম, তাহলে আমাদের পরের দিন সভা দিতে পারতেন। জেলা প্রশাসকের দাওয়াতে আমরা সেখানে গিয়েছি।ডেকে নিয়ে আমাদের অপমান করতে পারেন না। আমাদের জন্যই সভা, আমরা যদি কথা বলতে না পারি, তাহলে লাভ কী?’

পরে সংসদ সদস্য রেজাউল করিম বাদশার অনুরোধে তারা আবার সভায় যোগ দেন বলে জানান পরিমল চন্দ্র দাস।

সভায় হট্টগোলের বিষয়টি স্বীকার করেছেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, ‘বৈঠকে যখন পূজা উদ্‌যাপন কমিটির কথা বলার পর্ব ছিল, তখন জেলা কমিটির নেতারা কথা বলেননি। 

পরে শেষের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য দেওয়ার সময় তারা বলেন, কেন তাদের সময় দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তারা মনে কষ্ট পেয়েছেন এবং উঠে চলে যান। পরে অবশ্য তারা বৈঠকে ফিরে এসেছিলেন।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা