× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালঘরে আগুন, চোখের সামনে পুড়ে মরল কৃষকের গরু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:১১ পিএম

পুড়ে যাওয়া গোয়ালঘর এবং ইনসেটে ক্ষতিগ্রস্ত কৃষক নদর আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুড়ে যাওয়া গোয়ালঘর এবং ইনসেটে ক্ষতিগ্রস্ত কৃষক নদর আলী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জে গভীর রাতে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি গরু পুড়ে মারা গেছে। দগ্ধ হয়েছে আরও দুটি গরু। গুরুতর আহত গরু দুটির অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামের বাসিন্দা নদর আলী মণ্ডলের বাড়িতে রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

নদর আলী জানান, প্রতিদিনের মতো রাতে কাজকর্ম ও খাওয়া-দাওয়া শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। মধ্যরাতে হঠাৎ গোয়ালঘর থেকে গবাদিপশুর আর্তচিৎকার ও গোঙানির শব্দ শুনে তিনি দ্রুত বাইরে বের হন। এ সময় গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পানি নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চারটি গরু পুড়ে মারা যায়। পরে দুটি গরুকে বের করা সম্ভব হলেও তাদের শরীরের অধিকাংশ স্থান ঝলসে গেছে। গোয়ালঘরে থাকা ১৪টি ভেড়াকে অবশ্য অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে পরিবারের ধারণা, বৈদ্যুতিক তারের লিকেজ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক নদর আলী মণ্ডল বলেন, “আমার শেষ সম্বল বলতে এই ছয়টি গরুই ছিল। এর মধ্যে চারটি চোখের সামনে পুড়ে মরল, বাকি দুটির অবস্থাও ভালো না। আগুনে আমার সব শেষ হয়ে গেছে, আমি এখন পথে বসে গেলাম।”

খবর পেয়ে মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে দগ্ধ গরু দুটির চিকিৎসা শুরু করে।

মাদারগঞ্জ উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে ৪টি গরু পুড়ে মারা গেছে এবং মারাত্মকভাবে দগ্ধ ২টি গরুকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সব ওষুধপত্র প্রদান করেছি।”

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, "অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন।”

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিবরণ উল্লেখ করে লিখিত আবেদন করা হলে সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা