রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৫:৩৭ পিএম
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালাত। ছবি: সংগৃহীত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেয়েকে ধর্ষণের দায়ে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম সোমবার দুপুর ১টার দিকে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শহিদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন না।
শহিদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মৃত মকছেদ ফকিরের ছেলে।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের বিরুদ্ধে তার ১৬ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০২২ সালের ১২ জানুয়ারি বালিয়াকান্দি থানায় মামলা করেন তার স্ত্রী। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় করা হয়।
এজাহারে বলা হয়, ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাত ১১টার দিকে স্ত্রী নিজ শয়নকক্ষে ঘুম থেকে উঠে মেয়ের সঙ্গে স্বামী শহিদুল ইসলামকে ধস্তাধস্তি করতে দেখেন। এ সময় তিনি স্বামীকে বাধা দিলে শহিদুল তাকে ও তার মেয়েকে হুমকি-ধমকি এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
পরে মেয়ের কাছ থেকে তিনি জানতে পারেন, প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে শহিদুল তাকে ধর্ষণ করে আসছিলেন। মেয়েটি আরও জানায়, ২০২১ সালের ২৫ নভেম্বর রাত ১টার দিকে মায়ের অনুপস্থিতিতে শহিদুল তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে বিষয়টি আত্মীয়-স্বজনকে জানিয়ে থানায় মামলা করা হয়। আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন্নাহার সুরমার কাছে মেয়েটি ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জবানবন্দি দেয়। মেডিক্যাল পরীক্ষাতেও ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয়।
মামলাটি প্রথমে তদন্ত করেন বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন। পরে তার বদলির পর এসআই আসাদুজ্জামান রিপন তদন্তের দায়িত্ব পান।
তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট নয়জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহিদ উদ্দিন মোল্লা বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ সাজা দিয়েছেন।
তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৫ ধারার বিধান অনুযায়ী ৫ লাখ টাকা অর্থদণ্ড ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। আসামির বর্তমান সম্পদ থেকে তা আদায় সম্ভব না হলে ভবিষ্যতে তার অর্জিত সম্পদ থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে।
এ ছাড়া আইনের ১৬ ধারার বিধান অনুযায়ী আসামির স্থাবর-অস্থাবর সম্পদ নিলামে বিক্রি করে অর্থ ট্রাইব্যুনালে জমা দিতে রাজবাড়ীর কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের অর্থ ট্রাইব্যুনালে জমা হলে তা ভুক্তভোগীকে দেওয়া হবে।