নাটোর প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৫:৩৬ পিএম
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত মুয়াজ্জিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনকে ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত মোয়াজ্জিনর নাম মো. সৈয়দ ইসলাম (৫০)। তিনি চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
জানা যায়, ভোরে মসজিদে আজান শুরু করেন মুয়াজ্জিন সৈয়দ ইসলাম। আজান চলাকালীন হঠাৎ আজান বন্ধ হয়ে গেলে আশেপাশের লোকজন সন্দেহবশত মসজিদে ছুটে যান। পরে তারা সেখানে গিয়ে মসজিদের মেঝেতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। কে বা কারা তার পেটে ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে সৈয়দ ইসলামের ভাইসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনোয়ার জাহান জানান, সৈয়দ ইসলাম রাজশাহী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। থানা পুলিশ কর্তৃক প্রাথমিক অনুসন্ধান অব্যাহত আছে। এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।