জেলা প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৩:৪৪ পিএম
শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের ৪৬২টি পূজা মণ্ডপের আয়োজকরা। জেলার সাত উপজেলার এসব মণ্ডপে দিন-রাত কাজ করছেন কয়েক হাজার কারিগর ও শ্রমিক। এর মধ্যে ১৬০টি প্রতিমার বিশেষ আয়োজন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের ‘শ্রী শ্রী রাজমন্দিরে’ চলছে প্যান্ডেল, প্রতিমা, আলপনা ও সাজসজ্জার কাজ। আয়োজকদের দাবি, এবার দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ দুর্গাপূজার আয়োজন হতে যাচ্ছে এখানে।
রাজমন্দিরের বিশাল আঙিনাজুড়ে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। সেখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ১৬০টি প্রতিমা। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে মানবিক ও ইতিবাচক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে দেশের গুণীজনদের ছবি এবং বিভিন্ন উপদেশমূলক বাণীও টানানো হয়েছে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়। ফলে প্রতিবছরই পূজাকে ঘিরে কবুতরখালীর হালদার বাড়ি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়।

আগামী ১৫ অক্টোবর থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এবার ভিন্ন ভিন্ন থিমে সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ। বিশেষ করে ১৬০টি প্রতিমার পাশাপাশি নানা ধরনের থিমভিত্তিক আয়োজন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকরা।
কবুতরখালীর হালদার বাড়িতে দুর্গাপূজার আয়োজন করছেন অর্থোপেডিকস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুদীপ কুমার হালদার ও গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. স্নিগ্ধা চক্রবর্তী দম্পতি।
আয়োজকরা জানান, ২০১০ সালে রাজমন্দিরের কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৬ সালে ৪০টি প্রতিমা দিয়ে পূজার আয়োজন শুরু করেন সুদীপ-স্নিগ্ধা দম্পতি। পার্শ্ববর্তী মোড়েলগঞ্জের একটি বড় পূজার আয়োজন দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের বাড়িতে এ আয়োজন শুরু করেন তারা। এরপর প্রতিবছরই বেড়েছে আয়োজনের পরিসর। একপর্যায়ে প্রতিমার সংখ্যা তিন শতাধিক পর্যন্ত হয়েছিল।
এবার ধর্মীয় আয়োজনের পাশাপাশি সামাজিক কার্যক্রমও রাখা হয়েছে। দর্শনার্থী মায়েদের জন্য থাকবে ব্রেস্টফিডিং কর্নার। সেখানে প্রতিদিন স্যানিটারি প্যাড বিতরণ করা হবে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা মণ্ডপটি দেখতে আসছেন। বরগুনা থেকে আসা পর্যটক তন্ময় মিত্র আনন্দ বলেন, “প্রতিবছরের মতো এবারও নতুন নতুন চিত্র দেখতে এসেছি। প্রতিবছরই এখানে নতুন প্রতিমা ও আয়োজন থাকে। এবার নতুন আকর্ষণ হিসেবে ট্রাকে ওঠার কাজ করা হয়েছে। এটি দেখার জন্য আগেই এসেছি। পূজার সময় পরিবার নিয়ে আবার আসব”।
প্রতিমা নির্মাণশিল্পী উজ্জ্বল বিশ্বাস গুরু বলেন, “দুই বছর ধরে এই মন্দিরে কাজ করছি। চার থেকে পাঁচ মাসের পরিশ্রমে প্রতিমা তৈরির কাজ শেষ করেছি। আমার জানা মতে, এত বড় আয়োজন আর কোথাও হচ্ছে না। এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত”।
রাজমন্দির কর্তৃপক্ষ ও সৈয়দ ফজলুল হক কলেজের সহকারী অধ্যাপক পলাশ চন্দ্র গাইন বলেন, “এ বছর আমাদের ব্যতিক্রমী আয়োজন হতে যাচ্ছে। দক্ষিণবঙ্গের মধ্যে এটি একটি মহামিলনের স্থান। এখানে লাখো ভক্তের সমাগম হয় এবং মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। গত বছর নয়াদিল্লি, কলকাতা, জাপান, চীন, আমেরিকা ও ইংল্যান্ড থেকেও পর্যটকরা এসেছিলেন”।
রাজমন্দিরের সেক্রেটারি সুমন হালদার বলেন, “আমাদের এই পূজা মণ্ডপ দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের মধ্যে অন্যতম বৃহৎ। পূজার পাঁচ দিনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি”।
তুলির ছোঁয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: প্রতিদিনের বাংলাদেশআয়োজক ডা. সুদীপ কুমার হালদার বলেন, “বরিশাল বিভাগের মধ্যে অন্যতম বড় এবং বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রী শ্রী রাজমন্দিরের দুর্গাপূজার পক্ষ থেকে সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা। গত ১৬ বছর ধরে আমি ও আমার স্ত্রী ডা. স্নিগ্ধা চক্রবর্তী ব্যক্তিগত উদ্যোগে স্রষ্টার পূজার মাধ্যমে তার সৃষ্টির পূজা করার উদ্দেশ্যে এ আয়োজন শুরু করি। সেখান থেকেই আজকের রাজমন্দির প্রতিষ্ঠিত হয়েছে”।
তিনি বলেন, “এবারের বিশেষত্ব ১৬০টি প্রতিমার সমন্বয়। এর মধ্যে অর্ধেকের বেশি প্রতিমা ট্রাকে ওঠার বিশেষ ব্যবস্থায় তৈরি করা হয়েছে। গত ছয় মাস ধরে এ কাজ চলছে। বর্তমানে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে”।
ডা. সুদীপ আরও বলেন, “পূজার পাঁচ দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগত ভক্ত ও দর্শনার্থীদের আহারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম থাকবে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশ থেকে পর্যটকরা এখানে আসেন। এবারও প্রায় চার থেকে পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছি”।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে”।
তিনি বলেন, “প্রতিটি মণ্ডপকে ঘিরে পৃথক নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। পুলিশের পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে”।