প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১০:১৪ এএম
মিশন আচার্যকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র না পাওয়া ঝিনাইদহের মিশন আচার্য অবশেষে তার নিয়োগপত্র পেতে যাচ্ছেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাতের পর তার নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
রবিবার দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
রাশেদ খাঁন জানান, চট্টগ্রাম ও কক্সবাজারে দুই দিনের প্রশাসনিক সফর শেষে মিশন আচার্যকে সঙ্গে নিয়ে তার নিয়োগের জটিলতা নিরসনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করি। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মিশন আচার্যের নিয়োগপত্র প্রদানের বিষয়টি চূড়ান্ত করেন শিক্ষামন্ত্রী।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এ ঝিনাইদহ সদর উপজেলা থেকে অংশ নিয়ে মেধাক্রমে ১৭তম স্থান অর্জন করেন মিশন আচার্য।
ওই উপজেলায় মোট ১৮২ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হলেও সম্প্রতি ১৮০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। তবে স্থায়ী ঠিকানা না থাকার কথা জানিয়ে প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন থেকে মিশন আচার্যকে নিয়োগপত্র প্রদান বন্ধ রাখা হয়।
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টিগোচর হয়।