রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:১৮ পিএম
বিক্ষোভের মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাটে চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও ‘নিয়োগ বাণিজ্যের’ অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা।
একপর্যায়ে বিক্ষোভকারীদের দাবির মুখে রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান জনসম্মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
মাদ্রাসা মাঠে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে তা বিক্ষোভে রূপ নেয়।

বিক্ষোভকারীরা মাদ্রাসার ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানান।
তাদের দাবি, নিয়োগ পরীক্ষা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে পরীক্ষার মানবণ্টনসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
বিক্ষোভকারীদের অভিযোগ, চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় ৫০ লাখ টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো অর্থ লেনদেনের প্রমাণ কর্মসূচিতে উপস্থাপন করা হয়নি।
অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পাশাপাশি মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটি বিলুপ্ত বা পুনর্গঠন এবং বর্তমান কমিটির কোনো সদস্যকে ভবিষ্যৎ কমিটিতে না রাখার দাবি জানান।
নিয়োগের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও ফলাফল নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
নিয়মিত পাঠদান, শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত, যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন এবং প্রশ্নফাঁস বা পরীক্ষার আগে প্রশ্নের বিষয়বস্তু শিক্ষার্থীদের জানিয়ে দেওয়ার মতো অনিয়ম বন্ধের দাবি জানান তারা।
দুর্বল শিক্ষার্থীদের জন্য সহায়ক কর্মসূচি চালু, শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচনের দাবিও ওঠে।
বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির ১৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে তিনজন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ২১ দশমিক ৪৩ শতাংশ।
বিক্ষোভ চলাকালে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মাদ্রাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
পরে বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান তাদের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।
তবে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন মোখলেছুর রহমান।
তিনি বলেন, কয়েক দিন আগেই তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে মাদ্রাসার পরিচালনা কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় বিক্ষোভকারীদের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।
মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মাইদুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য মো. দুলাল সরকার, প্রাক্তন ছাত্র সালমান ফারসিসহ স্থানীয়রা বক্তব্য দেন।
এলাকাবাসীর পক্ষে কর্মসূচির আয়োজন করেন প্রাক্তন ছাত্র সালমান ফারসি।
এদিকে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে মাদ্রাসায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগের বিষয়ে আলোচনা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আগামী ৫ অক্টোবর উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন।
নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের সত্যতা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগপত্রের কার্যকারিতা- দুই বিষয়েই এখন প্রশাসনিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে স্থানীয়রা।