কুমারখালী (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:০০ পিএম
কুষ্টিয়ার আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা গাড়ির গ্লাস ভেঙে দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালন আখড়াবাড়ি থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্য সচিব শোভন আহমেদ। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন ব্যক্তিগতভাবে কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে যান। বিকালে তারা শিলাইদহ ঘুরে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে যান। সেখানে গান শুনে বের হওয়ার সময় দুজন নারী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছবি তুলতে চান। ওই সময় তাকে লক্ষ্য করে একজন ডিম ছোড়েন।
শোভন আহমেদের ভাষ্য, এরপর ২০-২৫ জন এসে উচ্চস্বরে গালাগালি করতে থাকেন। তাদের একজন নাসীরুদ্দীনকে উদ্দেশ করে বলেন, ‘তুই এখানে কেন আসছিস?’ একপর্যায়ে তাকে মারতে উদ্যত হন তারা। এ সময় তাকে রক্ষা করতে নেতাকর্মীরা ঘিরে ধরেন। এ ঘটনায় তাদের কয়েকজন নেতা আহত হয়েছেন। দুই থেকে তিন মিনিটের মধ্যে পুরো ঘটনা ঘটে। পরে আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে থাকা গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা গাড়ির গ্লাস ভেঙে দেন।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী। তিনি বলেন, নাসীরুদ্দীনের ওপর হামলা হয়ে থাকলে তা অবশ্যই নিন্দনীয়। ছাত্রদল মব কালচারের রাজনীতিতে বিশ্বাস করে না। হামলার ঘটনার সঙ্গে ছাত্রদল কোনোভাবেই জড়িত থাকতে পারে না।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালনের মাজারে গিয়েছেন। তার সঙ্গে কিছু একটা হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।