চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২১:৫৭ পিএম
চুয়াডাঙ্গায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে জেলা ছাত্রদলের এক নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে জেলা ছাত্রদলের এক নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে।
এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
ঝলসে যাওয়া প্রধান ভুক্তভোগী হাসানুজ্জামান চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় দগ্ধ হওয়া অন্য দুজন হলেন একই এলাকার সিরাজুল ইসলাম ও হাসান। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন হাসানুজ্জামান অভিযোগ করে জানান, শনিবার রাতে তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে পুকুরপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আওয়ামী লীগ কর্মী সুলতান মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে রাজনৈতিক বিরোধের জেরে সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি তার শরীরে ছুড়ে মারেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে পাশে থাকা সিরাজুল ইসলাম ও হাসানের শরীরেও গরম পানি পড়ে। এতে তিনজন দগ্ধ হন। ঘটনার পর সুলতান সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।