নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২০:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ১০টা থেকে গভীর রাত (২টা
পর্যন্ত) উপজেলার চরলাপাং গ্রামে দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ দুইজন গুলিবিদ্ধ
হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেনÑ চরলাপাং গ্রামের
ফুল মিয়া ও একই গ্রামের জুলাস মিয়ার স্ত্রী উম্মে হানি। আহতদের প্রথমে নবীনগর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য
একজনকে কুমিল্লা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার
দিকে হামলা শুরু হয় এবং রাত ২টা পর্যন্ত কয়েক দফায় গোলাগুলি ও হামলা চলে। এ সময় গ্রামের
প্রায় শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পাশাপাশি নয়াহাটী বাজারের অন্তত
১০টি দোকানপাটেও হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করা হয়।
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নতুন করে হামলার আশঙ্কায় কয়েকটি পরিবারের সদস্য ইতোমধ্যে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছেন।
আজ রবিবার বিকেলে সরেজমিন গিয়ে জানা
যায়, চরলাপাং গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় অহিদ মিয়ার সঙ্গে গ্রামের
একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার পর মুসলেম মিয়া কৃষকদের
জমি চাষের জন্য ভাড়ায় ব্যবহারের উদ্দেশ্যে একটি ট্রাক্টর কিনে আনেন। এরপর বিরোধ আরও
তীব্র হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, ট্রাক্টর ভাড়ার
ব্যবসায় একক আধিপত্য ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাকে কেন্দ্র করে অহিদ মিয়া ও তার ভাই উবায়দুল
মিয়ার সঙ্গে মুসলেম মিয়ার পক্ষের উত্তেজনা বাড়তে থাকে।
অভিযোগ রয়েছে, এর জের ধরে শনিবার রাতে
বাইরে থেকে লোকজন এনে চরলাপাং গ্রামে হামলা চালানো হয়। হামলার সময় দফায় দফায় গুলিবর্ষণের
পাশাপাশি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির খবর তারা পেয়েছেন।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।