মান্দা (নওগাঁ) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৯:৪২ পিএম
নওগাঁর মান্দার বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের চত্বরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ এবং টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খেলার মাঠ নেই, খেলাধুলারও নেই পর্যাপ্ত সুযোগÑ এমন অভিযোগ তুলে নওগাঁর মান্দার বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে।
রবিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে শুরু হওয়া এ বিক্ষোভে একপর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের নিজস্ব কোনো খেলার মাঠ না থাকায় দীর্ঘদিন ধরে খেলাধুলা থেকে তারা বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের পাশে যে জমিতে এত দিন খেলাধুলা করত শিক্ষার্থীরা, সেটিও বর্ষাকালে পানিতে তলিয়ে থাকে। সম্প্রতি ওই জমির একাংশের মালিক আইল দিয়ে জায়গাটি ঘিরে দেওয়ায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে।
আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানায়, মাঠের ব্যবস্থা করার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাসের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়েছে। তিনি একাধিকবার সমস্যাটি সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে স্থায়ী কোনো ব্যবস্থা হয়নি। আগামী মঙ্গলবার প্রধান শিক্ষকের অবসরে যাওয়ার কথা। তাই তার অবসরের আগেই মাঠের বিষয়ে কার্যকর সিদ্ধান্তের দাবিতে তারা ক্লাস বর্জন করেছে।
শিক্ষার্থীদের ভাষ্য, শুধু পড়াশোনা নয়, খেলাধুলাও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন। কিন্তু মাঠের অভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। স্থায়ী মাঠের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয়ে যান অস্থায়ী কমিটির সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়টি শোনেন। পরে মাঠের সমস্যা সমাধানের উদ্যোগ হিসেবে তিনজন শিক্ষক ও পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাসের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিক্ষোভের সময়ও তিনি বিদ্যালয়ে ছিলেন না।
বিদ্যালয়ের অস্থায়ী কমিটির সভাপতি নওফেল আলী মণ্ডল জানান, শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি মাঠের প্রয়োজনীয়তা রয়েছে। তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতোমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আট সদস্যের কমিটি করা হয়েছে। সংশ্লিষ্ট জমির মালিক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে কীভাবে সমস্যাটির স্থায়ী সমাধান করা যায়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।