হবিগঞ্জ ও বাহুবল প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৮:৪৫ পিএম
বাহুবল উপজেলার মিরপুর বাজারসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ২৪টি চেক তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জের ২৪ জন ভূমি মালিককে ১০ কোটি ১৫ লাখ টাকা ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।
রবিবার বাহুবল উপজেলার মিরপুর বাজারসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ২৪টি চেক তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ক্ষতিপূরণ পাওয়া কয়েকজন ভূমি মালিকও বক্তব্য দেন।
জেলা প্রশাসক বলেন, প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত ১৪৯ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু চলতি বছরের সেপ্টেম্বর মাসে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের প্রায় ১৮ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের কাজ আইনানুগভাবে সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের লক্ষ্য হলো দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়কের ধারণক্ষমতা বাড়ানো এবং যাত্রী ও পণ্য পরিবহন আরও গতিশীল করা।