যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৭:০১ পিএম
স্বজনদের বাধায় যশোর কারবালার কবরস্থানেই আবুল কালাম আজাদ নামের এক বৃদ্ধের দাফন থমকে যায়। স্বজনদের দুই পক্ষের বাদানুবাদে একপর্যায়ে হাতাহাতিও শুরু হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্বজনদের বাধায় যশোর কারবালার কবরস্থানেই আবুল কালাম আজাদ নামের এক বৃদ্ধের দাফন থমকে যায়। স্বজনদের দুই পক্ষের বাদানুবাদে একপর্যায়ে হাতাহাতিও শুরু হয়। পরে স্থানীয়দের আপস মীমাংসার প্রতিশ্রুতিতে লাশটি দাফন করা হয়।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে যশোর কারবালা কবরস্থানে। আবুল কালাম আজাদ সিতারামপুর গ্রামের বাসিন্দা। মরদেহ দাফনের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দাফনের প্রস্তুতি চলাকালে আবুল কালাম আজাদের ভাগ্নি মাসুমার স্বজনরা দাফনে বাধা দেন। তাদের দাবি, সম্পত্তির বণ্টনে মাসুমাকে বঞ্চিত করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়।
তবে আবুল কালাম আজাদের অন্য স্বজনরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বিরোধপূর্ণ জমিটি আবুল কালাম আজাদ নিজেই নিলামের মাধ্যমে ক্রয় করেছিলেন। এ ছাড়া তার বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি ভাইবোনদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছিল বলেও তারা দাবি করেন।
এদিকে মরদেহ সামনে রেখে কবরস্থানে স্বজনদের এমন বিরোধে আশপাশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে স্থানীয়দের আপস মীমাংসার প্রতিশ্রুতিতে দাফনে বাধা দেওয়া পক্ষ কবরস্থান ত্যাগ করলে আবুল কালাম আজাদের মরদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়।
নজরুল ইসলাম নামের এক প্রবীণ ব্যক্তি জানান, সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা পারিবারিকভাবে অথবা আইনি প্রক্রিয়ায় সমাধান করা উচিত। কিন্তু একজন মৃত ব্যক্তির দাফনকে কেন্দ্র করে কবরস্থানে এমন বিরোধ ও হাতাহাতির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।