× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়াঘাটে জরাজীর্ণ ভবনে চলছে পরিবার পরিকল্পনা কেন্দ্রের কার্যক্রম

সাকিব হাসান নাইম, ঘোড়াঘাট (দিনাজপুর)

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৫:১৯ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ১৫:২৬ পিএম

সিংড়া ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের দুটি ছোট রুমে পরিবার পরিকল্পনা কেন্দ্রের কার্যক্রম চলানো হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিংড়া ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনের দুটি ছোট রুমে পরিবার পরিকল্পনা কেন্দ্রের কার্যক্রম চলানো হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের পুরোনো ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 

নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার স্থান পরিদর্শন করা হলেও এখনও শুরু হয়নি নির্মাণকাজ। ফলে নিজস্ব ভবন ছাড়াই ইউনিয়ন পরিষদের দুটি ছোট রুমে জোড়াতালি দিয়ে চলছে গুরুত্বপূর্ণ এই সরকারি সেবা প্রতিষ্ঠানের কার্যক্রম।

দীর্ঘদিন ধরে এমন অস্থায়ী ব্যবস্থায় কার্যক্রম পরিচালিত হওয়ায় একদিকে যেমন কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে, অন্যদিকে সীমিত জায়গায় সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়ছেন স্থানীয় বাসিন্দারাও।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় সেখানে স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সহযোগিতায় প্রায় ছয় থেকে সাত মাস একটি ভাড়া বাসায় কেন্দ্রটির কার্যক্রম পরিচালনা করা হয়। পরে সেখান থেকেও কার্যক্রম সরিয়ে নেওয়া হয় ইউনিয়ন পরিষদের দুটি ছোট কক্ষে। বর্তমানে ওই দুই কক্ষেই সীমিত পরিসরে চলছে পরিবার পরিকল্পনা-সংক্রান্ত বিভিন্ন সেবা।

স্থানীয়দের অভিযোগ, পরিবার পরিকল্পনা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি সেবা প্রতিষ্ঠান বছরের পর বছর নিজস্ব ভবন ছাড়া চলায় কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নারী, গর্ভবতী মা ও শিশুদের সেবা দেওয়া এবং পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণের মতো কার্যক্রম পরিচালনায় পর্যাপ্ত ও উপযুক্ত জায়গা প্রয়োজন হলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, নতুন ভবন নির্মাণের জন্য জায়গা পরিদর্শনসহ বিভিন্ন প্রক্রিয়ার কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু বাস্তবে নির্মাণকাজ শুরুর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তাদের দাবি, নতুন ভবন নির্মাণে যদি কোনো প্রশাসনিক বা দাপ্তরিক জটিলতা থাকে, তা দ্রুত নিরসন করে কাজ শুরু করা হোক। কারণ ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা ও প্রজননস্বাস্থ্যসংক্রান্ত সেবা নিশ্চিত করতে একটি উপযুক্ত স্থায়ী অবকাঠামো অত্যন্ত জরুরি।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মদ ঈসা বলেন, নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার জায়গা পরিদর্শন করা হয়েছে। তবে অজ্ঞাত কারণে এখনো নির্মাণকাজ শুরু হয়নি।

তিনি আরও বলেন, পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হলেও সেটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা-সংক্রান্ত কোনো চিঠি আমরা এখনও পাইনি। সেবার ধারাবাহিকতা বজায় রাখতেই বর্তমানে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নতুন ভবন নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘসূত্রতা ও দাপ্তরিক জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত সিংড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নিজস্ব ভবনে ফিরে এসে কেন্দ্রটি পূর্ণাঙ্গ ও স্বাভাবিক পরিবেশে জনগণকে সেবা দিতে পারবে- এমনটাই প্রত্যাশা তাদের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা