খুলনা অফিস
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৪:৪৭ পিএম
খুলনার দিঘলিয়ায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার দিঘলিয়ায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায়
ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই ব্যক্তি
তাকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ নাসিমকে উদ্ধার করে খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসিম ফরমাইজখানা এলাকার মৃত আব্দুর গফুরের
ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনে
তিনটি মামলা রয়েছে।
দিঘলিয়া থানা পুলিশ জানায়, রবিবার সকালে একটি
চায়ের দোকানে চা পান করেন নাসিম। সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা হলে ফায়ার
সার্ভিসের সামনে দুই ব্যক্তি তার পথরোধ করে গুলি করে। কয়েক রাউন্ড গুলি করার পর
হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুলিতে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার
সানওয়ার হুসাইন মাসুম বলেন, নাসিমকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি করে দুই
ব্যক্তি। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের
ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা
এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত
চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে
পড়েছে। তবে পূর্বশত্রুতা, দলীয় বিরোধ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা
এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।