ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৪:৩৪ পিএম
ভাঙ্গা হাইওয়ে থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় ছমর আলী(৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে রবিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ছমর আলী জামালপুরের ইসলামপুর উপজেলার ছত্তর আলীর ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ছমর আলী ও তার সঙ্গের কয়েকজনে মিলে খুলনার দিকে যাচ্ছিলেন৷ পথিমধ্যে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে যাত্রাবিরতি দেন। তখন ছমর আলী সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান বলেন, “ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে”।