× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়াঘাটে হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যের ‘পাতা খেলা’

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৪:৩৩ পিএম

গ্রামীণ ঐতিহ্যের ‘পাতা খেলা’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রামীণ ঐতিহ্যের ‘পাতা খেলা’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একসময় মাঠের চারপাশে উপচে পড়া মানুষের ভিড়, ঢোলের বাদ্য আর প্রতিযোগীদের উত্তেজনায় মুখর হয়ে উঠত চারপাশ। গ্রামবাংলার লোকজ বিনোদনের জনপ্রিয় তেমনই এক আয়োজন ছিল ‘পাতা খেলা’। দূরদূরান্ত থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ ছুটে আসতেন এই খেলা দেখতে। তবে কালের বিবর্তনে আধুনিক প্রযুক্তির প্রসার, বিকল্প বিনোদন এবং নিয়মিত পৃষ্ঠপোষকতার অভাবে দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী এই খেলাটি এখন হারিয়ে যেতে বসেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় আগের মতো নিয়মিত পাতা খেলার আয়োজন আর চোখে পড়ে না। তবে কোনো কোনো এলাকায় স্থানীয় যুবসমাজ কিংবা ব্যক্তিগত উদ্যোগে কদাচিৎ এই খেলার আয়োজন করা হলে এখনো দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। এতে স্পষ্ট যে খেলাটির প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমেনি; বরং নিয়মিত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার অভাবেই এটি ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছে।

স্থানীয়ভাবে প্রচলিত এ খেলার ধরনও বেশ বৈচিত্র্যময়। খেলার মাঠের মাঝখানে একটি কলাগাছ স্থাপন করা হয়। এরপর বিশেষ লোকাচার ও মন্ত্রপাঠের মাধ্যমে প্রতিযোগীরা ‘পাতা’কে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন। এই আয়োজনের সঙ্গে গ্রামীণ সংস্কৃতি ও প্রাচীন লোকাচারের গভীর সম্পর্ক রয়েছে।

স্থানীয় কয়েকজন প্রবীণের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় গ্রামীণ জনপদে চিত্তবিনোদনের সুযোগ ছিল সীমিত। তখন পাতা খেলাসহ বিভিন্ন দেশীয় খেলাই ছিল আনন্দের অন্যতম মাধ্যম। কোনো এলাকায় এই খেলার আয়োজন হলে আশপাশের কয়েকটি গ্রাম থেকে মানুষ দল বেঁধে আসতেন। খেলাকে ঘিরে এলাকায় তৈরি হতো উৎসবমুখর পরিবেশ, বৃদ্ধি পেত পারস্পরিক সামাজিক যোগাযোগ।

পুরোনো দিনের স্মৃতিচারণ করে উপজেলার বেলওয়া গ্রামের প্রবীণ পাতা খেলোয়াড় রউফ মেম্বার বলেন, “আমাদের সময়ে পাতা খেলা হলে অন্য রকম ধুম পড়ে যেত। গ্রামে গ্রামে মাইক দিয়ে কয়েক দিন ধরে প্রচার চালানো হতো। খেলা দেখতে বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজনের আগমন ঘটত। সেই দিন আর নেই।”

সিংড়া গ্রামের তরুণ প্রজন্মের পাতা খেলোয়াড় সাকিব হাসান নাইম বলেন, “বয়োজ্যেষ্ঠদের কাছে শুনেছি, আগের দিনে পাতা খেলা মানেই ছিল ঈদের মতো আনন্দের আমেজ। এখন গ্রামে হঠাৎ কখনো আয়োজন হলেও আগের মতো নিয়মিত প্রতিযোগিতা আর দেখা যায় না।”

স্থানীয়দের মতে, বর্তমানে স্মার্টফোন, ইন্টারনেট ও অনলাইন গেমসের বিস্তার শিশু-কিশোরদের অবসর সময় দখল করে নিয়েছে। এর পাশাপাশি গ্রামীণ খেলার মাঠ কমে যাওয়া, নতুন প্রজন্মকে খেলার নিয়ম শেখানোর উদ্যোগের অভাব এবং প্রতিযোগিতার আয়োজন না থাকায় পাতা খেলার চর্চা দিন দিন কমে যাচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, “এটি শুধু খেলা নয়, আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। ছোটবেলায় আমরা যা দেখেছি, নতুন প্রজন্ম তার অনেক কিছুই চেনে না। এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে হয়তো পাতা খেলার কথা শুধু গল্পেই থাকবে।”

সংস্কৃতিপ্রেমীদের দাবি, ঘোড়াঘাটের মতো ঐতিহাসিক জনপদে এসব লোকজ উপাদান টিকিয়ে রাখা জরুরি। এ জন্য কেবল ব্যক্তিগত উদ্যোগ নয়; উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। স্থানীয় মেলা, উৎসব, জাতীয় দিবস ও ক্রীড়া প্রতিযোগিতায় পাতা খেলাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি এর নিয়ম, ইতিহাস ও বৈশিষ্ট্য লিখিত ও ভিডিও আকারে সংরক্ষণেরও দাবি জানান তারা।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, “পাতা খেলাসহ গ্রামীণ ঐতিহ্যের দেশীয় খেলাগুলো সংরক্ষণ করা প্রয়োজন। এসব খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে স্থানীয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন দিবসের আয়োজনে অন্তর্ভুক্তির বিষয়টি উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করা হবে। স্থানীয় সংগঠন ও তরুণেরা উদ্যোগ নিলে যুব উন্নয়ন ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা সহজ হবে।”

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতায় ঘোড়াঘাটের মাঠে আবারও নিয়মিত পাতা খেলার আসর বসবে। এতে একদিকে যেমন শিশু-কিশোররা মাঠে ফিরবে, অন্যদিকে সংরক্ষিত হবে গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা