জুয়েল সাহা বিকাশ, ভোলা
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৪:২৩ পিএম
ভোলা পৌরভবন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশের মতো ভোলা পৌর এলাকায়ও দিনদিন বাড়ছে ডেঙ্গু মশার উপদ্রব। বিকেল হলেই শুরু হয় মশার আক্রোমণ ও ভয়ানক উপদ্রুব। মশার কয়েল ও মশারি টানিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করছেন পৌর বাসিন্দারা। মশার কামড়ে জ্বরে আক্রান্ত হয় হচ্ছেন অনেকেই।
অথচ মশা প্রতিরোধে পৌরসভার মূল কাজ মশার প্রজননস্থল ধ্বংস করা, শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা ও মানুষকে সচেতন করা। কিন্তু এর কোনো কার্যক্রমই ভোলা পৌরসভা নিচ্ছে না বলে অভিযোগ পৌরবাসীর। তাদের দাবি প্রায় ৬ থেকে ৭ মাস আগে ফগার মেশিন দিয়ে ধোঁয়া ও ওষধ ছিটানো হয়েছে ১/২ বার। এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো কার্যক্রম পৌরবাসীর চোখে পড়েনি। তাই পৌরবাসী বিচলিত ও ক্ষুব্ধ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোলা পৌরসভার আবহাওয়া অফিস রোড, পৌর ভূমি অফিস রোড, ওয়ার্ডের ভদ্রপাড়া, গাজীপুর রোড, উকিল পাড়া, নূর মসজিদ রোড মুসলমান পাড়া, রির্জাভ পুকুর পাড়সহ বিভিন্ন এলাকার ড্রেনে জমে আছে ডেঙ্গুর লার্ভা। তার চারদিকে বসে আছে অসংখ্য ছোট-বড় মশা। মনে হচ্ছে এখানেই মশার চাষ করছেন পৌর কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকার রাস্তার পাশেও একই অবস্থায় পড়ে আছে র্দীঘদিনের ময়লা ও বর্জ্য। বিভিন্ন স্থানে জমে আছে র্দীঘদিনের বৃষ্টির পানিও। পরিস্কার করার মতো নেই কেউ। আর ডেঙ্গুরের হাত থেকে রক্ষায় সারাদিন কয়েল জ্বালিয়ে রাখেন ওই এলাকার বাসিন্দারা। বিকেলে হলেই মশার উপদ্রব বাড়তে থাকে আর একসঙ্গে কয়েকটি কয়েল জ্বালিয়ে মশার কামড় থেকে বাঁচার চেষ্টা করেন বাসিন্দারা।
এদিকে এক অনুসন্ধান দেখা গেছে গত ২০২৫-২৬ অর্থ বছরে মশা নিধনের জন্য ভোলা পৌরসভা বাজেট করে ৪৫ লাখ টাকা। আর কাগজে কলমে ২০২৫-২৬ অর্থ বছরের মশা নিধনের কাজে খরচ দেখানো হয়েছে ৪১ লাখ ২২ হাজার ৯০০ টাকা। বর্তমান ২০২৬-২৭ অর্থ বছরে মশা নিধনের জন্য ১৮ লাখ টাকা বাজেট করা হয়। তবে অনুসন্ধানে ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থ বছরের মশা নিধনের কার্যক্রম জোরালোভাবে দেখা যায়নি। অভিযোগ রয়েছে, প্রায় ৬ থেকে ৭ মাস আগে পৌর এলাকার বিভিন্ন স্থানে একবার ফগার মেশিন দিয়ে ধোঁয়া ও ওষুধ ছিটানো হয়েছে। এরপর আর ছিটানো হয়নি অভিযোগ তুলেছেন পৌরবাসী।
রির্জাভ পুকুর সংলগ্ন এলাকার বাসিন্দা কুলসুম বেগম ও হালিমা আক্তার বলেন, বাড়িতে মশা বেড়ে গেছে। মশার অত্যাচারে ঘরে বসে থাকা যায় না। মশার কয়েল জ্বালিয়ে রাখলেও এবং মশারি টানালেও মশারি মধ্যে ঢুকে মশা ছোট বাচ্চাদের কামড় দেয়।
তারা আরও বলেন, সারাদিন মশার কয়েল জ্বালিয়ে রাখি ঘরে। সন্ধ্যার আগে থেকে মশা বেড়ে যায়। তখন ২/৩টি কয়েল জ্বালিয়ে রাখি। তবে মশার কয়েলের ধোঁয়া বড় ও ছোটদের জন্য ক্ষতিকর, তারপরেও কিছু করার নেই। পৌরসভার পক্ষ থেকে তো অনেক মাস ধরে ওষুধ ছিটানা হচ্ছে না।
উকিল পাড়া এলাকার বাসিন্দা ও ভোলা জেলা সুজনের সভাপতি মোবাশ্বেরউল্লাহ চৌধুরী বলেন, পৌরসভা থেকে ৬ থেকে ৭ মাস বা তারও বেশি সময় আগে তার এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হয়েছিল। তারপর আর কোনো খবর নেই মশা মারার ওষুধ ছিটানোর। অবসর সময়ে তিনি বাড়িতে বই পড়েন। মশার কয়েল জ্বালিয়ে ফ্যান চালিয়েও মশার উপদ্রুব থেকে রক্ষা পান না।

ভোলা পৌরসভার একটি পরিবার কয়েল জ্বালিয়ে মশা মারার চেষ্টা করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তিনি আরও বলেন, সারা দেশে ডেঙ্গু এখন মূর্তিমান ভয়াবহ এক নাম। এখন সবাইকে সর্তক থাকা দরকার। সাধারণ মানুষকে ডেঙ্গুর ব্যাপারে সর্তক করে তুলতে হবে। আর এই সর্তক করার দায়িত্ব পৌরসভার। কিন্তু পৌরসভা তো নগরবাসীকে সচেতন ও সর্তক করছেন না। তারা ডেঙ্গু ও মশা নিধনের জন্য ভোলায় দৃশ্যমান কোন কাজ করেনি। পৌর কর্তৃপক্ষ তার বাসিন্দাদের জীবন রক্ষায় কাজ করছে না। তারা ঠিকমত ড্রেন পরিস্কার করে না। মশা নিধনের জন্য ওষুধ প্রয়োগ করে না। শুধু কাগজে কলমে তাদের কার্যক্রম দেখায়।
ভদ্রপাড়া এলাকার বাসিন্দা কবির হোসেন বলেন, সন্ধ্যার পর মশার জন্য ঘরে থাকা অসম্ভব হয়ে পড়ে। বাহিরেও একই অবস্থা। আশপাশের যেসব খোলা ড্রেন রয়েছে, সেগুলো বছরের পর বছর ধরে পড়ে থাকলেও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কোনো গরজ নেই।
পৌর ১ নম্বর ওয়ার্ডের উপজেলা সড়কের বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, তাদের এখানে গত বছর শীতের পর একবার মশা মারার ওষুধ স্প্রে করা হয়েছে। এরপর আর করা হয়নি। বর্তমানে মশার উপদ্রব বেশি হওয়ায় ঘরে থাকাই যায় না। মশার কামড়ে হাত পা ফুলে যায়। তাদের এখানে মশার কাড়মে অনেকের জ্বর হয়েছে। কারুর কারুর ডেঙ্গু জ্বরও হয়েছে বলে তিনি জানান।
আবহাওয়া অফিস রোডর বাসিন্দা জামাল হোসেন বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত মশার অনেক কম থাকে। সন্ধ্যার পর থেকে পুরো এলাকা মশার নিয়ন্ত্রণে চলে যায়। কে বড় লোক, কে গরিব, কে কোন দল করেন, সেটা মশা বুঝে না। সবাইকে কামড় দেয়। পৌরসভা থেকে বর্তমানে ওষুধ স্প্রে করা হচ্ছে শুধু সরকারি অফিসগুলোয়। আর সাধারণ মানুষের বাড়ি-ঘরে তো ধোঁয়া ও ওষুধ স্প্রে করা হচ্ছে না।
রির্জাভ পুকুর পার সংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দা ও সচেতন নাগরিক রাহিম ইসলাম বলেন, বর্তমানে ডেঙ্গু ও মশা সারা দেশের মতো ভোলাতে বাড়েছে। প্রতিদিনই মশার কামড়ে মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন। কেউ কেউ ডেঙ্গু জ্বরেও আক্রান্ত হচ্ছেন। কয়েক দনি আগে তার বন্ধুর এক ভাই মশার কামড়ে ডেঙ্গু হয়ে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে বাঁচেননি। মারা গেছেন। অথচ ভোলা পৌরসভা কর্তৃপক্ষের মশা ও ডেঙ্গু নিধনের কোনো কার্যক্রমই নেই। মাথা ব্যাথা নেই। তারা দিব্যি রয়েছেন।
ভোলা পৌর এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
তিনি আরও বলেন, মশা নিধনের জন্য প্রতিবছরই ভোলা পৌরসভার বার্জেট থাকে। গত ২০২৫-২৬ অর্থ বছরে মশা ও ডেঙ্গু নিধনের প্রায় ৪৫ লাখ টাকা বাজেট করা হয়। অথচ এর তেমন কোনো কার্যক্রম দেখা যায় না। মশার জন্য ধোঁয়া, ওষধ ছিটানো, ড্রেন পরিস্কার, সচেতনতামূলক লিফলেট বিতরণ বা মাইকিং করতেও দেখিনি। প্রায় ৭ থেকে ৮ মাস আগে নামমাত্র ধোঁয়া ও ওষুধ স্প্রে করা হয়েছে, তা, তেমন কোনো কাজে আসেনি। তাহলে গত অর্থ বছরের এত টাকা কিসে ব্যয় হলো, ভোলা পৌরবাসি তা জানতে চায়। সব ক্ষেত্রে যদি ভোলা পৌর কর্তৃপক্ষ অনিয়মে জড়িয়ে পড়ে, তাহলে বাসিন্দারা শান্তি পাবে না। বর্তমানে বর্ষার পরে তো তাদের কাজ করার কথা কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা বিষয়টি ভোলা পৌর কর্তৃপক্ষেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে বেলছি। দ্রুত এই সমস্যার সুরাহা চাই আমরা।
ভোলা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেলাল হোসেন অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বছরের এপ্রিলে ভোলা পৌরসভা প্রশাসকের দায়িত্ব নিয়েছেন। ফলে অনেক কিছুই তার জানা নেই। তিনি জানান, গত অর্থ বছরের যে ওষুধ কেনা হয়েছে তা এখনও রয়েছে। ওষুধ যথা নিয়োমে কেনা হয়েছে । তবে এ বছর অতি বৃষ্টির কারণে তাদের মশা নিধন ও ড্রেন পরিস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান বাধাগ্রস্ত হয়েছে। এতে অনেক এলাকায় সমস্যা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মশা ও ডেঙ্গু নিধন ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো হবে বলে দাবি করেন তিনি।