কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৩:০১ পিএম
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানা গেছে।
রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা
সেতু মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুড়িগ্রাম
থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। মহাসড়কের ওই স্থানে
ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ট্রাক থেকে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার ওপর
হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়।
নিহত রাজীব হোসেন লালমনিরহাট
জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
এদিকে হামলার সময় রাজীবের চিৎকার
শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টু (৩২)কে আটক
করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে
ছিনতাইকারী দলের আরও ৩/৪ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটক ব্যক্তি ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। নিহতের
মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটন
ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।