ইউএসটিসি
মনির ফয়সাল, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১০:৫৮ এএম
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম। ছবি: উইকিপিডিয়া
রেলের জমি, শিক্ষার্থীদের ফি আর সাধারণ মানুষের দান-অনুদানে জাতীয় অধ্যাপক প্রয়াত ডা. নুরুল ইসলামের হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান ইসলামিক মেডিক্যাল মিশন, জনসেবা ফাউন্ডেশন ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি)।
প্রতিষ্ঠাতার মৃত্যুর পর প্রতিষ্ঠানের তহবিলে থাকা ৪০ কোটি ৬০ লাখ টাকার বেশি অর্থের হালনাগাদ হিসাব, ট্রাস্ট ডিড অনুযায়ী পর্ষদ গঠন, বিতর্কিত এফডিআর এনক্যাশমেন্টের চেষ্টা, নিয়ন্ত্রক সংস্থার নথিতে শেয়ার হস্তান্তরের অনিয়ম এবং করোনাকালে ৩৫ কর্মীকে চাকরিচ্যুতির অভিযোগ; সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। ট্রাস্ট ডিড, সরকারি দপ্তরের চিঠি ও নিয়ন্ত্রক সংস্থার নথি পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব অসঙ্গতির তথ্য পাওয়া গেছে। তবে ইউএসটিসি কর্তৃপক্ষ এসব অভিযোগকে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছে।
তথ্য সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাতার মৃত্যুর পর ২৬ মার্চ ২০১৪ সালে ইউএসটিসির তৎকালীন কোষাধ্যক্ষ প্রতিষ্ঠানের নামে একাধিক ব্যাংকে থাকা এফডিআর ও সঞ্চয় হিসাব চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলামের কাছে হস্তান্তর করেন। স্থিতি মোট ৪০ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৫৮০ টাকা। ট্রাস্ট ডিড অনুযায়ী প্রতিবছর বহিঃনিরীক্ষার সুস্পষ্ট বাধ্যবাধকতা থাকলেও যুগ পেরিয়ে গেলেও এই বিপুল অর্থের হালনাগাদ নিরীক্ষিত হিসাব জনসাধারণের সামনে উপস্থাপিত হয়েছে বলে কোনো নথি অনুসন্ধানে মেলেনি।
২০২২ সালের নথিভুক্ত ট্রাস্ট ডিড অনুযায়ী পর্ষদে তিনজন আজীবন প্রতিষ্ঠাতা সদস্যের বাইরে সাতজন সাধারণ সদস্য থাকার কথা। তারা হলেনÑ প্রফেসর এএন মো. আতাই রাব্বি, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডা. এমএ ফয়েজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সাবেক উপাচার্য ড. মো. ফৈয়াজ খান, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. হারুন অর রশিদ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর ডা. মোহা. জালাল উদ্দিন, প্রকৌশলী ফিরোজ খান নূন ও এমএ সালাম।
অথচ চলতি বছরের ২৪ মে একটি বোর্ডসভায় উপস্থিত সাতজন সম্পূর্ণ ভিন্ন। তারা হলেনÑ প্রফেসর মাহবুবুর রহমান, ডা. শেখ মাহশীদ নূর, প্রফেসর শফিউল হাসান, প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, ডা. মাহমুদ-উল-হক, প্রফেসর শাহাদাত হোসেন ও প্রফেসর মহিবুল্লাহ সিদ্দিক। এদের একজনের নামও আগের তালিকার সঙ্গে মিলছে না।
এ বিষয়ে ইউএসটিসির রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বলেন, “প্রচারিত সব তথ্য অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন। পূর্বে যাদের নাম ছিল, এখনও সেই বিদ্যমান সদস্য ও পর্ষদই বহাল আছে”।
সভা প্রসঙ্গে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বোর্ডের সদস্য থাকা ড. মো. ফৈয়াজ খান বলেন, “আমার দায়িত্বকালে চেয়ারম্যান পূর্বনির্ধারিত এজেন্ডা নিয়ে সভা চালাতেন। প্রায় প্রতিটি সভায় কোরাম সংকট হতো এবং অনুপস্থিত সদস্যদের স্বাক্ষর পরে অফিস থেকে লোক পাঠিয়ে সংগ্রহ করা হতো। ফাইন্যান্স কমিটির রেজল্যুশন মানা হতো না এবং ব্যয় সংক্রান্ত বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হতো”।
সভায় উপস্থিত ডা. শেখ মাহশীদ নূর বাংলাদেশের নাগরিক নন, তিনি ভারতের কাশ্মিরের বাসিন্দা। প্রতিষ্ঠানের এক হাসপাতাল ইউনিটে সাবেক ইন্টার্ন চিকিৎসক। ট্রাস্ট ডিডের ১.k ধারায় স্পষ্ট লেখা আছে, ট্রাস্টি হতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে। এ বিষয়ে রেজিস্ট্রার সরাসরি কোনো ব্যাখ্যা দেননি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০২১ সালের এক শোকজ নোটিসে উল্লেখ আছে, প্রতিষ্ঠাতার স্ত্রী প্রয়াত আনোয়ারা ইসলামের মৃত্যুর প্রায় আড়াই বছর পর তার নামে শেয়ার রয়্যাল ক্যাপিটাল লিমিটেডে হস্তান্তর করা হয়। যেখানে স্বাক্ষরের অসামঞ্জস্য পাওয়া যায় এবং চেয়ারম্যানের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত বলে কমিশনের প্রতিবেদনে উল্লেখ আছে। শেয়ার বিক্রি করে পাওয়া ২ কোটি ১০ লাখ ৪৫ হাজার টাকা সম্পূর্ণ চেয়ারম্যানকে পরিশোধ করা হয় বলে নথিতে আছে।
সাম্প্রতিক এফডিআর এনক্যাশমেন্ট বিতর্কে রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বলেন, “স্থায়ী আমানতের অর্থ ব্যাংকে সম্পূর্ণ নিরাপদ আছে এবং চেয়ারম্যান বা পর্ষদের ব্যক্তিগতভাবে তা তোলার সুযোগ নেই”।
তবে ট্রাস্টের এক প্রতিষ্ঠাতা সদস্য পৃথকভাবে মিডল্যান্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে লিখিত অভিযোগ দাখিল করেছেন, যেখানে দাবি করা হয়েছে ৫ কোটি টাকার একটি এফডিআর ২০১৫ সালের একটি বিতর্কিত রেজল্যুশনের মাধ্যমে এনক্যাশমেন্টের চেষ্টা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের এক চিঠিতে ইউজিসি-গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকার ৬৩ সেন্ট্রাল রোডে ইউএসটিসির সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ ছিল। ২০১৮ সালেও প্রায় অভিন্ন নির্দেশনা দ্বিতীয়বার জারি হয়, যা থেকে অনুমান করা যায়, প্রথমবার তা প্রতিপালিত হয়নি।
অপরদিকে শ্রম অধিদপ্তর, চট্টগ্রামের ২০২০ সালের ১৩ মে তারিখের এক দাপ্তরিক চিঠিতে উল্লেখ আছে, ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের অভিযোগের ভিত্তিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে কর্মরত ২০ জন এইড নার্স ও ১৫ জন আয়া-ক্লিনারসহ ৩৫ জনকে করোনাকালীন সাধারণ ছুটির মধ্যে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়।
এ বিষয়ে ইউএসটিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মানিক মিয়া বলেন, “প্রকৃতপক্ষে প্রায় ৩০০ জন শ্রমিক ছাঁটাই এবং ইউনিয়ন প্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে”।
প্রতিষ্ঠানের এক হাসপাতাল ইউনিটের মার্জিন হিসাবে ২০২৪ সালে প্রায় ১ কোটি ১৬ লাখ টাকার ঋণাত্মক ব্যালেন্স দেখা যায়, এবং একটি প্লট-বরাদ্দে প্রায় ৫ কোটি ৬২ লাখ টাকা বকেয়া রয়েছে। যদিও মোট চুক্তিমূল্যের সিংহভাগ ইতোমধ্যে পরিশোধিত।
এই বিষয়ে জানতে চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলামের সঙ্গে মোবাইল একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।