ইমাম হোসেন, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ০৯:৩৭ এএম
বিদ্যালয়ের প্রধান ফটক বাঁশ দিয়ে বেড়া দেওয়া, ভেতরের খালি মাঠের বিভিন্ন স্থানে কলাগাছের চারা রোপণ করা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলে তালা লাগিয়ে দখলের চেষ্টা, বিদ্যালয়ের মাঠে কলাগাছের চারা রোপণ এবং প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুঠিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের দাতা সদস্য আজাদ আলী (আস্তালি) তার ছেলে ও ভাতিজাকে নিয়ে এসে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এসব করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শনিবার সন্ধ্যার আগে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটক বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। বিদ্যালয়ের ভেতরের খালি মাঠের বিভিন্ন স্থানে কলাগাছের চারা রোপণ করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের অফিস কক্ষের তালার ওপর নতুন করে আরেকটি তালা লাগানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির পূর্বনাম ছিল ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। পরে ২০২৪ সালের ১১ ডিসেম্বর পাঠদানের অনুমতি পায় প্রতিষ্ঠানটি। বর্তমানে নিম্ন মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান চলছে। পর্যায়ক্রমে অষ্টম, নবম ও দশম শ্রেণি চালুর মাধ্যমে মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চমাধ্যমিক পর্যায় চালুর পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
স্থানীয় দোকানি লাল মোহাম্মদ (লালু) বলেন, “শুনেছি, চাকরি দেওয়ার শর্তে তারা বিদ্যালয়ে জমি দিয়েছিলেন। পরে চাকরি না দেওয়ায় এসে বাঁশ দিয়ে বেড়া দিয়ে গেছে। বিদ্যালয় থেকে পানি নিয়ে আমি দোকান চালাতাম। এখন সেটিও করতে পারছি না।”

জমি দান ও চাকরি নিয়ে বিরোধ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, আজাদ আলী নিঃশর্তভাবে বিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন। ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে ওই জমিতে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেন তিনি।
প্রধান শিক্ষকের দাবি, স্থাপনা নির্মাণের পর বিদ্যালয়ের নামে জমি রেজিস্ট্রি করার সময় আজাদ আলী ভোকেশনাল শাখায় তার ছেলেকে এবং কলেজ শাখায় ছেলের বউকে চাকরি দেওয়ার দাবি করেন। কমিটি ওই দাবিতে সম্মতি দিয়েই জমি রেজিস্ট্রি করে নেয়।
তিনি আরও বলেন, “কলেজ শাখা আনুষ্ঠানিকভাবে চালু হতে দেরি হওয়ায় আজাদ আলীর ছেলের বউকে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। চাকরিরত অবস্থায় তিনি ২০২২ সালে মারা যান। এরপর আজাদ আলী তার ছেলেকে দ্বিতীয় বিয়ে দেওয়ার পর নতুন পুত্রবধূকে মাধ্যমিক শাখায় কেরানি পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেন। কমিটি তাতেও সম্মতি দেয়”।
পরে আজাদ আলী তার ছেলের পরিবর্তে অন্য একটি পদ দাবি করেন এবং সেখানেও কমিটি সম্মতি দেয় বলে জানান প্রধান শিক্ষক। এ বিষয়ে যথাযথ রেজুলেশন রয়েছে বলেও দাবি করেন তিনি।
সেলিম রেজা বলেন, “এর প্রায় এক বছর পর ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আজাদ আলী রাজশাহী আদালতে মামলা করেন। তার দাবি, যে নামে প্রতিষ্ঠান করার জন্য তিনি জমি দিয়েছিলেন, সেই নামে প্রতিষ্ঠান করা হয়নি। মামলাটি বর্তমানে চলমান।”
তিনি অভিযোগ করেন, মামলা চলমান থাকা অবস্থায় আজাদ আলী বিদ্যালয়ে তালা লাগিয়ে মাঠে কলাগাছের চারা রোপণ করেছেন। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ভালুকগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, “আমি শুনেছি আজাদ আলী বিদ্যালয়ের ফটকে বাঁশ দিয়ে বেড়া দিয়ে গেছেন। মাঠে কলাগাছের চারা লাগানো হয়েছে এবং শিক্ষকদের কক্ষের তালার ওপর আবার তালা লাগানো হয়েছে। আগামীকাল বিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখব। এ বিষয়ে পুঠিয়া থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে আজাদ আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এখনই কিছু বলতে পারছি না। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।”
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, “বর্তমানে একটি কাজে ঢাকায় আছি। ঢাকা থেকে ফিরে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”