চট্টগ্রাম অফিস ও পটিয়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২২:১৯ পিএম
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। জেলা-উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে পরিকল্পণা নেওয়া হয়েছে। বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শনিবার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় হাসপাতাল নেই, সেসব স্থানেও নতুন করে ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। প্রয়োজনীয়তা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতির বিষয়েও খোঁজ নেন। হাসপাতালে শতভাগ চিকিৎসক উপস্থিত রয়েছেন কি না জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, শতভাগ না হলেও অধিকাংশ চিকিৎসক উপস্থিত রয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বৃহত্তর এলাকার একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পটিয়ার প্রায় সাত লাখ মানুষের পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলীসহ আশপাশের এলাকার আরও প্রায় চার লাখ মানুষ এ হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নেন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন। এছাড়া প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ সময় হাসপাতালের দীর্ঘদিনের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার বিষয় মন্ত্রীর কাছে তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালের বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কে খোঁজ নেন। তিনি ভর্তি রোগীদের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই করার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভর্তি রোগীদের খাবারের মান উন্নত করতে হবে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যাতে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ সময় চট্টগ্রামের জেলা সিভিল সার্জন সাজেদুর রহমানসহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, স্বাস্থ্যমন্ত্রী পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে হাসপাতালটিকে অত্যন্ত সুসজ্জিত ও আধুনিক করার আশ্বাস্ত করেছেন তাতে আমরা আশাবাদী।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেছেন।