চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২২:০০ পিএম
চট্টগ্রাম বায়েজিদে কিষোয়ান ফুটবল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘ক্রীড়াই মানসিক এবং শারীরিক বিকাশের জন্য অন্যতম নিয়ামক’Ñ স্লোগান ধারণ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কিষোয়ান ফুটবল একাডেমি’। তরুণ প্রজন্মকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে দক্ষ ফুটবল খেলোয়াড় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে শনিবার এই একাডেমিটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি নজরুল ইসলাম লেদু এবং সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল। আরও উপস্থিত ছিলেন সিজেকেএস-এর কাউন্সিলর কাজী জসিম উদ্দিন, বনফুল কোম্পানির জিএম আমান উল আলম, বনফুল লিমিটেডের জিএম শাহ কামাল মুস্তফা, বনফুল লিমিটেডের (মার্কেটিং) জিএম কামাল হোসেন এবং বনফুল অ্যান্ড কোম্পানির ডিজিএম আরিফুর রহমানসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যোজ্জ্বল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ও প্রতিভাবান ফুটবলার তুলে আনতে কিষোয়ান স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বনফুল-কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম একাডেমির উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘তরুণদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার পরিধি বাড়াতে হবে। বনফুল-কিষোয়ান পরিবার সব সময় ক্রীড়াবান্ধব কার্যক্রমে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’
অনুষ্ঠানে অতিথিবৃন্দ একাডেমির সার্বিক সফলতা কামনা করেন এবং এর কার্যক্রম এগিয়ে নিতে ক্রীড়াঙ্গনের সবার সহযোগিতা কামনা করেন।