চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:৫৪ পিএম
চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট (সিসিএমআই) আয়োজন করে সকালের রাগনির্ভর 'শ্রোতার আসর'। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কোমল নিষাদের নিনাদ আর শুদ্ধ মধ্যমের ললিত ছোঁয়ায় বৈরাগী ভৈরবের সুরে ফুটে উঠল এক বৈরাগী সকালের ছবি। সুরের সেই ক্যানভাসের দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়ে ছিলেন শ্রোতারা। স্বরের রঙে সেই ছবি আঁকলেন উদীয়মান খেয়ালিয়া স্বরাজ সাহা।
শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট (সিসিএমআই) আয়োজন করে সকালের রাগনির্ভর 'শ্রোতার আসর'। নগরীর জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় সিসিএমআইয়ের নিজস্ব কার্যালয়ে এ আসর বসে।
আসরের প্রথম পর্বে রাগসংগীত পরিবেশন এবং শেষ পর্বে শ্রোতাদের মতামত নিয়ে বিশ্লেষণ।
গায়ন পর্বে স্বরাজ সাহা পরিবেশন করেন রাগ বৈরাগী ভৈরব। আলাপ বিস্তারে তিনি বৈরাগীর বৈরাগ্য ভাব ফুটিয়ে তোলেন, যা শ্রোতাদের মুগ্ধ করে। পরে তিনি সকালের আরেকটি রাগ ভাটিয়ার পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেন তিষাণ ঘোষ, হারমোনিয়ামে পৃথ্বীরাজ সাহা ও তানপুরায় আরাধ্যা দাশ।
শেষে শিল্পী রাজীব দাশের সঞ্চালনায় বিশ্লেষণ পর্ব হয়। শ্রোতার আসরের বিশেষ দিক হলো, এখানে শিল্পী ও শ্রোতা একই মেঝেতে বসেন। এ পর্বে অংশ নেন সিসিএমআইয়ের গুরু ও মোহন বীণাশিল্পী উস্তাদ দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, শিল্পী রাজেশ সাহা, ব্যাংকার ও শিল্পী আ ন ম নাসির উদ্দিন এবং শিল্পী মোখলেছুর রহমান।