প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:৫৩ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেছেন, “আওয়ামী লীগের নেতা-কর্মীদের পিঠের চামড়া থাকবে না। শেখ হাসিনা দিল্লিতে থাকবে। তাই আওয়ামী লীগের ভাইদের বলতে চাই, বেশি শুড়শুড়ি দেওয়ার চেষ্টা করবেন না।”
শনিবার বিকালে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মজিদ বলেন, “যাদের মৃত্যু হয়েছে বাংলাদেশের মাটিতে আর দাফন হয়েছে ভারতের মাটিতে, সেই শেখ হাসিনাকে নিয়ে ভার্চুয়াল মিটিং করেছে কালীগঞ্জের আওয়ামী লীগরা। এটা একটা ফেইক নিউজ ছিল।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ভাইদের বলতে চাই, বেশি শুড়শুড়ি দেওয়ার চেষ্টা করেন না। গত সংসদ নির্বাচনে গোপনে দাঁড়িপাল্লার সঙ্গে লিয়াজো করে ভোট দিয়েছেন। শেখ হাসিনা দিল্লিতে থাকবে, কিন্তু নেতা-কর্মীদের পিঠের চামড়া থাকবে না।”
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শহরের ফয়লা এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।