প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:৩৭ পিএম
প্রতিকী ছবি
দেশের চার জেলায় পৃথক ঘটনায় শিশুদের যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অফিস ও প্রতিবেদকদের পাঠানো খবরÑ
বগুড়া : শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় হাফেজ জাহিদ ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
জাহিদ শিবগঞ্জ উপজেলার জাবারীপুর (কাজীপাড়া) এলাকার বাসিন্দা। তিনি জাবারীপুর পূর্বপাড়া বায়তুল জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত ২৭ সেপ্টেম্বর বিকালে বাড়ির পাশে খেলার সময় খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে স্থানীয় কবরস্থানের পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যৌন নির্যাতন করা হয়।
এ ঘটনায় শিশুটির মা শিবগঞ্জ থানায় মামলা করেন। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, মামলার পর অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
কুমিল্লা : চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে কামরুজ্জামান সোহেল (৪৫) নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে চান্দিনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইন্দ্রারচর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সোহেল ইন্দ্রারচর গ্রামের প্রয়াত শাহজাহান মিয়ার ছেলে। চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে।
ঠাকুরগাঁও : ভূল্লীতে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী হৃদয় বর্মণ নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হৃদয় বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি রথবাজার এলাকার বৈশাখু বর্মণের ছেলে। ঘটনার সময় সে ভূল্লীতে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বেলা ১১টার দিকে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি নরেশ মেম্বারপাড়া এলাকায় শিশুটিকে বাড়ির পেছনের নির্জন স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে হৃদয়ের বিরুদ্ধে। শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গেলে হৃদয় পালিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, মামলার পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে আট বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. মিজানুর রহমান (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার শিশুটির মামা মো. দুলাল মিয়া মিঠাপুকুর থানায় মামলা করেছেন।
শিশুটির মামা দুলাল মিয়া বলেন, স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার না পাওয়ায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত মিজানুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।