বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:৩৬ পিএম
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: ভিডিও থেকে
বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৯ নম্বর বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের কালিকাবাড়ি এলাকার সাইনবোর্ড-মোরেলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোনা কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) এবং মোহাম্মদ জামাল মাস্টারের ছেলে মুহিব (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ডগামী দ্রুতগতির একটি ডাববোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুহিবের মৃত্যু হয়।
আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।