প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২১:৩০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ২১:৩৩ পিএম
প্রতিকী ছবি
দেশের বিভিন্ন স্থানে শনিবার পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনসহ ৫ শিশু মারা গেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোন মারা গেছে। শনিবার সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলোÑ আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) এবং তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে কোনো একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্বজনরা শিশু দুটিকে দ্রুত পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের ডুবে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামে দুই শিশু মারা গেছে। শনিবার উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়িতে এ ঘটনা ঘটে। জুনায়েদ উপজেলার রামনগর গ্রামের হালিমের ছেলে। সে গোপালনগর উত্তরপাড়ায় খালার বাড়িতে থেকে লেখাপড়া করত। স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল সে। অন্য শিশু হাসিব গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ির বাসিন্দা কাউসারের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়।
তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে রাহাদ হোসেন রাফি নামে ১৬ মাস বয়সী এক শিশু মারা গেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাদ হোসেন রাফি ওই গ্রামের রাসেল মিয়ার ছেলে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।