কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২০:৪৭ পিএম
কুমিল্লায় কিশোর গ্যাং ‘র’ এবং ‘ক্রাইম সেটাপ’-এর প্রধাসহ চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লায় কিশোর গ্যাং ‘র’ এবং ‘ক্রাইম সেটাপ’-এর প্রধাসহ চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই সময়ে কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি একযোগে অভিযান চালিয়ে আরও ৩৬২ জনকে আটক করেছে।
গ্রেপ্তার শীর্ষ ৪ নেতা হলেনÑ ‘র’ গ্যাংয়ের মূলহোতা ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘ক্রাইম সেটাপ’ গ্যাংয়ের শীর্ষ নেতা মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)। শনিবার এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ জানায়, সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। রতনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্যদিকে সাব্বির ও নবীর বিরুদ্ধে একটি করে মামলা আছে।
জেলা পুলিশ সূত্র জানায়, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গত ১০ দিন ধরে কুমিল্লাজুড়ে বিশেষ অভিযান চলছে। ৫ দফার অভিযানে এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, রতনের বিরুদ্ধে শাহাদাত হত্যা মামলাসহ অস্ত্র ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। ২০২২ সালে মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপের’ মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে শাহাদাত নিহত হন। পরে এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়।
তিনি বলেন, গত শুক্রবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত মহানগরীসহ জেলার ১৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৩৬২ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশের ধারাবাহিক অভিযানের কারণে কিশোর গ্যাংয়ের অনেক সদস্য আত্মগোপনে চলে গেলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর গত ২৩ সেপ্টেম্বর থেকে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়। এ পর্যন্ত ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রথম চার দফায় ১ হাজার ৬৭২ জন এবং পঞ্চম দফায় ৩৬৩ জনকে আটক করা হয়।