গাজীপুর সিটি প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২০:৪৪ পিএম
গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স স্টাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার বেলা পৌনে ৩টার দিকে ওই পোশাক কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় সোয়া ৩ ঘণ্টা চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় ৭ তলাবিশিষ্ট মেট্রিক্স স্টাইল লিমিটেড নামের পোশাক কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার ৪ তলার ফ্লোরেও ছড়িয়ে পড়ে। ওই সময় কারখানার ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানার লোকজন।
খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। মোট ৯টি ইউনিট প্রায় সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কারখানার ছাদ ও সিঁড়িতে ৭০ জন শ্রমিক আটকে পড়ে কারখানা থেকে বের হতে পারেননি। পরে তারা কারখানার ছাদ ও সিঁড়িতে আশ্রয় নেয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সেখান থেকে উদ্ধার করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় সোয়া ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, কারখানার ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় কারখানার শ্রমিকদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান। এ ছাড়া কারখানার বিভিন্ন ফ্লোরে ও ছাদে আশ্রয় নেওয়া কর্মীদের যান্ত্রিক মই দিয়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।