সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ২০:২৩ পিএম
নিহত কলেজছাত্র জাকারিয়া খান। ছবি: সংগৃহীত
সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামের এক যুবক মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
হত্যার ঘটনায় মুহিদ হাসান রনি নামের এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। সে শহরের ইটাগাছার ফিরোজ উদ্দিনের ছেলে ও শহরের আলিয়া মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্র।
নিহত জাকারিয়া খান শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে জাকারিয়া বিষয়টি থামাতে এগিয়ে যান।
এ সময় ওই ব্যক্তি জাকারিয়াকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জাকারিয়ার ভাই শাহারিয়ার খান বাদি হয়ে শনিবার থানায় একটি এজাহার দায়ের করেছেন।
সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। জাকারিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।