বাবুগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৯:৩৮ পিএম
বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন থেকে বাহেরচর বাজার ও গ্রাম রক্ষার দাবিতে শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠি, বাহেরচর বাজার রক্ষা করতে এবং বসতভিটা ও আবাদি জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
শনিবার সকালে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগ সন্ধ্যা নদীর তীরবর্তী বাহেরচর বাজারসংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভাঙনকবলিত মানুষসহ স্থানীয় দেশ বাজার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।
সমাবেশ সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত। অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শিহাব, মো. সুলতান, সোহাগ হোসেন, আবু সায়েম প্রমুখ।
বক্তারা বলেন, সন্ধ্যা নদীর দুই তীরে বিস্তীর্ণ এলাকায় ৫০ হাজার মানুষ বাস করে, যারা প্রতিবছর ভাঙনের শিকার হচ্ছে। এতে হাজার হাজার মানুষ বসতভিটা ও জীবিকা হারাচ্ছে। ২০২০ সাল থেকে সন্ধ্যা নদীভাঙন রক্ষা বাঁধের মহাপরিকল্পনার কথা শোনা গেলও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
সমাবেশে বক্তারা বলেন, বাহেরচর বাজার ও বাহেরচর ঘোষকাঠি গ্রামকে রক্ষায় দ্রুত কার্যকর নদীশাসন প্রকল্প গ্রহণ করতে হবে। কর্মসূচিতে অংশ নেওয়া ভুক্তভোগীরা দ্রুত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।