লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৯:২৮ পিএম
নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে ১৫ বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৫ কোটি ১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার গভীর রাতে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে নাগেশ্বরী উপজেলার পূর্ব রামখানা আশকোননগর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র ও মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। পরে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পূর্ব রামখানা আশকোননগর এলাকায় অভিযান পরিচালনা করা হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় সীমান্তের দিক থেকে আসা চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অস্ত্র-মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। তবে উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে।