চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:৩৬ পিএম
বিপজ্জনক ও মেয়াদোত্তীর্ণ ১৫০ দশমিক ৮৯ টন কেমিক্যাল চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
২০০৩ সাল থেকে চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ৯ কনটেইনারের ১৫০ দশমিক ৮৯ টন বিপজ্জনক ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল অবশেষে ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের ওয়াটা কেমিক্যালস লিমিটেডে পরিবেশবান্ধব ও নিয়মানুগ পদ্ধতিতে এসব কেমিক্যাল ধ্বংস করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাসেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। ধ্বংস করার জন্য শনিবার বিপজ্জনক এসব পণ্য চট্টগ্রাম বন্দর থেকে ওয়াটা কেমিক্যালস লিমিটেডে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
রাসেল আহমেদ জানান, বিএনএসিডব্লিউসি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বর্ডার গার্ড বাংলাদেশ, বিসিএসআইআর, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং আনসার ব্যাটালিয়ন উক্ত ধ্বংসকাজের নিরাপত্তা প্রদানসহ সার্বিক সহায়তা প্রদান করছে।
ধ্বংসের তালিকায় থাকা এই ৯ কনটেইনারের মধ্যে এক কনটেইনারে ২৫ দশমিক ৫৫ টন সালফিউরিক অ্যাসিড, আরেক কনটেইনারে ৫০০ কেজি নাইট্রিক অ্যাসিড, পাঁচ কনটেইনারে ৯২ দশমিক ৫৪ টন মিথানল এবং দুই কনটেইনারে ৩২ দশমিক ৩০ টন থিনার রয়েছে।
এর আগে ২০২১ সালে চট্টগ্রাম বন্দরের পি শেডে প্রায় ২০ বছর পড়ে থাকা ২৫ টন বিপজ্জনক রাসায়নিক পণ্য সিলেটের সুনামগঞ্জের লাফার্জহোলসিম সিমেন্ট কারখানায় পাঠিয়ে ধ্বংস করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার এই ১৫০ টন বিপজ্জনক পণ্য ধ্বংসের উদ্যোগ গ্রহণ করা হয়।