শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শ্রমমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
অঞ্চলভিত্তিক শিল্পের চাহিদা চিহ্নিত করে সে অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, “অবকাঠামো ও সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে থেকেও অনেক ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি প্রতিষ্ঠান ভালো করছে। তারা পারলে আমরা কেন পারব না? দেশের সার্বিক উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অত্যন্ত জরুরি।”
শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, “কোন অঞ্চলে কী ধরনের শিল্প রয়েছে এবং সেখানে কী ধরনের দক্ষতা বা প্রশিক্ষণের প্রয়োজন, তা চিহ্নিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ে ফিরে সার্বিক পর্যালোচনা ও আলোচনা করা হবে।”
তিনি বলেন, “আমরা চট্টগ্রাম থেকেই এমন একটি পাইলট প্রোগ্রাম শুরু করতে চাই যার মাধ্যমে শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নেওয়া হবে।”
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করেন এবং কোথায় কী ধরনের কাজের চাহিদা রয়েছে, তা চিহ্নিত করেন।”
তিনি বলেন, “বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব হবে।”
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।